২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জেএমবি জঙ্গি রাসেল গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলার কর্নিবাড়ি গ্রামের বাড়ি থেকে শুক্রবার দুপুরে রাসেল ওরফে গিট্টু রাসেল নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মোজাহেদীন বাংলাদেশের (জেএমবি) এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

বগুড়া, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার গাবতলী উপজেলার কর্নিবাড়ি গ্রামের বাড়ি থেকে শুক্রবার দুপুরে রাসেল ওরফে গিট্টু রাসেল নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মোজাহেদীন বাংলাদেশের (জেএমবি) এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরও তথ্যসহ) রাসেল এক সময় জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের দেহরক্ষী ছিলেন এবং তালিকাভুক্ত শীর্ষস্থানীয় একজন জঙ্গি বলে জানিয়েছে পুলিশ। বগুড়া পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) বাসিরের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। এএসপি বাসির বলেন, "রাসেল জেএমবি'র শীর্ষ নেতা। তাকে জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।" গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, প্রায় ছয় বছর আগে ২০০৩ সালের ১৪ আগস্ট জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনায় গ্রেপ্তার জেএমবি জঙ্গিদের মধ্যে রাসেলও ছিলেন। জামিনে ছাড়া পেয়ে ২০০৪ সালের ১ এপ্রিল বৃহত্তর রাজশাহীতে শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের নেতৃত্বে কথিত চরমপন্থী বিরোধী অভিযানে নেমে পড়েন। ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার পরে জেএমবির শীর্ষ একাধিক নেতাকে গ্রেপ্তার করা সম্ভব হলেও রাসেলকে ধরা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কর্নিপাড়া গ্রামের বাংলা ভাইয়ের এক ঘনিষ্ট আত্মীয় জানান, রাসেল প্রায় দেড়মাস আগে গাবতলী গ্রামের বাড়িতে আসেন। দিনের বেলায় এখানে ওখানে দেখা গেলেও রাতে তিনি অজ্ঞাত স্থানে ঘুমাতেন। কর্নিপাড়ায় বাংলা ভাইয়ের কবর সংলগ্ন মসজিদে তিনি ফজরের নামাজ আদায় করতেও দেখা গেছে। রাসেল সিদ্দিকুল ইসলামের প্রতিবেশী আফসার আকন্দ ওরফে গেদুর ছেলে। ২০০৭ সালে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলামসহ ছয়জনকে ফাঁসি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫২ ঘ.