২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল সিগনেচার পদ্ধতি চালু করতে মন্ত্রিসভার উদ্যোগ

ডিজিটাল সিগনেচার পদ্ধতি চালু করার জন্য নিয়ন্ত্রক নিয়োগ সংক্রান্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধনী) ২০০৯ অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার এক বৈঠকে বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ডিজিটাল সিগনেচার পদ্ধতি চালু করার জন্য নিয়ন্ত্রক নিয়োগ সংক্রান্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধনী) ২০০৯ অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার এক বৈঠকে বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল হুদা খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সংশোধনী আইনের মাধ্যমে নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া সম্ভব হবে। এতে সম্ভব হবে তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করাও। মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ন্ত্রক না থাকার কারণে তথ্য প্রযুক্তি খাতের কাজকর্ম ব্যাহত হচ্ছিল। ভবিষ্যতে তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে নিয়ন্ত্রকের কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। তিনি বলেন, এতে সরকারি ও আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। নিশ্চিত হওয়া যাবে তথ্যদাতার পরিচিতি সম্পর্কেও। সরকারি ও বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান, অনলাইন ব্যাংকিং, সেবা খাতের বিল পরিশোধসহ তথ্য প্রযুক্তি সেবা শক্তিশালী হয়ে উঠবে। বৈঠকে আইনের ১৮(১) ধারাটি সংশোধন করা হয়। তবে ২০০৬ সালে আইনের সংশোধনীতে এ বিষয়টি উল্লেখ ছিল। ওই সময় আইনে বলা হয়েছিল অনুমোদনের ৯০ দিনের মধ্যে নিয়ন্ত্রক নিয়োগ দিতে হবে। তবে সে সময় সরকার ৯০ দিনের মধ্যে নিয়ন্ত্রক নিয়োগ দিতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়ন্ত্রক নিয়োগের জন্য আইনটি সংশোধন করার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদে উত্থাপনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশগুলোর যে তালিকা তৈরি করা হয়েছিল তাতে এটি ছিল না। সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েই সংশোধনীটি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হয়। সংসদের আগামী অধিবেশনে এটি বিল আকারে উত্থাপন করা হতে পারে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/২০০০ ঘ.