চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় বুধবার বাংলাদেশ নৌ-বাহিনীর ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের কার্যালয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন।
এ ছয় কর্মকর্তার মধ্যে দু'জন ঢাকা এবং বাকি চারজন চট্টগ্রামে কর্মরত আছেন। তবে সিআইডি কর্মকর্তারা তাদের নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌ-বাহিনীর এই ছয় কর্মকর্তা ২০০৪ সালে অস্ত্র খালাসের ওই ঘটনার সময় উপকূলরক্ষী বাহিনীর চট্টগ্রাম অঞ্চলে কর্মরত ছিলেন।
অস্ত্রের চালান খালাসের সময় উপকূলরক্ষী বাহিনীর কি ভূমিকা ছিল সে ব্যাপারে ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে মনিরুজ্জামান জানান। তবে জিজ্ঞাসাবাদে তারা কি তথ্য জানিয়েছেন সিআইডি কর্মকর্তা তা প্রকাশ করেননি।
এর আগে এ মামলায় উপকূলরক্ষী বাহিনীর ৩৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নোটিশ দেয়। এর মধ্যে ছয় কর্মকর্তা বুধবার সিআইডি কার্যালয়ে হাজির হন।
মামলায় কারাগারে আটক দুই আসামি হাফিজ ও দীন মোহাম্মদ আদালতে তাদের জবানবন্দিতে অস্ত্রের চালান খালাসের সময় সিইউএফএল কর্মকর্তাদের মতো উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারাও তাদের সহযোগিতা করেন বলে স্বীকার করেছেন।
ওই জবানবন্দির ভিত্তিতে নৌ-বাহিনী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান।
এদিকে সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসীন তালুকদার ও সাবেক মহাব্যবস্থাপক এনামুল হকের রিমান্ডের আবেদন নিয়ে বুধবার শুনানি হয়নি। এ ব্যাপারে বৃহস্পতিবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
ওই দুই কর্মকর্তাকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য ১৩ এপ্রিল আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/ডিডি/টিআর/০০১২ ঘ.
bdnews24