ঝিনাইদহ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিত্তিদেবী রাজনগর গ্রামে বুধবার সকালে দু'দলের সংঘর্ষে দু'জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।
নিহত কফিল উদ্দিন (৪৫) ও আজিম উদ্দিন মুন্সির (৪৮) লাশ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহত ১০ জনের মধ্যে দু'জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গ্রামের তিনজনকে গ্রেপ্তার করেছে।
সংঘর্ষে আহত রবিউল ইসলামের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম জানান, এলাকায় বিবদমান দু'টি দল রয়েছে। একটির নেতা আলতাফ হোসেন এবং প্রতিদ্বন্দ্বী দলের নেতা রইস উদ্দিন।
বুধবার সকালে আলতাফ গ্র"পের কফিল উদ্দিনের ওপর হামলা চালায় রইস উদ্দিনের দলের লোকজন। বর্শার আঘাতে কফিল ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় আজিম উদ্দিন কফিলকে রক্ষার জন্য এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আজিম মারা যায়।
এরপর হামলাকারীদের রামদার কোপ ও ইটের আঘাতে আলতাফ গ্র"পের অন্তত ১০ জন আহত হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, গ্রামের একটি মুদি দোকানের পাওনা টাকা নিয়ে বিবাদের জের ধরে ঘটনার সূত্রপাত হয়।
তিনি জানান, গ্রামের আলম নামের এক ব্যক্তির কাছে মুদি দোকানদার আলমগীর হোসেন চার হাজার টাকা পান। মঙ্গলবার সন্ধ্যায় আলমগীর হালখাতার চিঠি দিতে গেলে আলমের শ্বশুর আব্দুল কুদ্দুসের বাড়ির লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে আব্দুল কুদ্দুস, রইস (একটি গ্র"পের নেতা), লুবান রাতে আলমগীরের (আলতাফ গ্র"পের লোক) ওপর হামলা চালায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় রইসের দলের শাহীনুর রহমান আগা, রবি ও আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। এখনও মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/১৮৪২ ঘ.
bdnews24