কক্সবাজার, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহত্তর চট্টগ্রাম এলাকার কয়েকটি স্থানে মঙ্গলবার রাত ১১টার দিকে মৃদু ভূমিকম্প হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
রাজধানীর আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মোমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩১৬ কিলোমিটার দূরে ভারত-মিয়ানমার সীমান্তে।
১০ টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প হয় বলে আবহাওয়া দপ্তরের আরেক কর্মকর্তা আজিজুল হক জানান।
আমাদের কক্সবাজার প্রতিনিধি আনসার হোসেন জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের কথা কক্সবাজার ও চট্টগ্রাম আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
তবে এর স্থায়িত্ব সম্পর্কে সেখানকার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি।
কক্সবাজারের চকোরিয়া উপজেলার অধিবাসী হাবিবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভূমিকম্প যে হয়েছে তা আমরা বুঝতে পেরেছি। দেয়ালগুলোও কেঁপে উঠেছে।"
কুতুবদিয়ায়ও ভূমিকম্প অনুভুত হয়েছে বলে সেখানকার অধিবাসীরা জানান।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, নগরীর একাধিক স্থানের বাসিন্দারা রাত সোয়া ১১টার দিকে কয়েক সেকেণ্ড স্থায়ী ভূকম্পন অনুভব করেন।
এর মধ্যে নগরীর রুমঘাটা এলাকার বাসিন্দা বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা সুব্রত ধর মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক সেকেন্ড স্থায়ী ভূকম্পনে পায়ের নিচের মাটি দুলে ওঠে।
নগরীর আমবাগান ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ভূকম্পন অনূভব করেছেন। তবে কেন্দ্রের যন্ত্রপাতি নষ্ট থাকায় এর মাত্রা নির্ধারণ করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এসকে/২৩৫৪ ঘ.
bdnews24