ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছাড়তে এ সপ্তাহেই খালেদাকে নোটিশ দেওয়া হবে- আইনমন্ত্রী শফিক আহমেদের এরূপ বক্তব্যকে 'বেআইনি' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
মঙ্গলবার দুপুরে আর্মানিটোলায় নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের বাসা নিয়ে সরকারের মনোভাবের কঠোর সমালোচনা করেন তিনি বলেন, ''আইনমন্ত্রীর বক্তব্য অবৈধ ও বেআইনি। তার এ রকম কথার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তারা বলপ্রয়োগ ও জোর খাটিয়ে খালেদা জিয়াকে তার বৈধ বাসা থেকে উচ্ছেদ করার পথ বেছে নিয়েছে। এটা কোনোভাবে দেশের জনগণ মেনে নেবে না।''
বিএনপি মহাসচিব বলেন, ''সরকার খালেদা জিয়ার বৈধ বাসার লিজ বাতিলের সিদ্ধান্ত নিয়ে একটি নন-ইস্যুকে ইস্যু বানিয়েছে। তারা জোর করে ক্ষমতা প্রয়োগ করতে চায়। এটা বিএনপির নেতা-কর্মীদের কাছেই শুধু নয়, দেশবাসীর কাছেও গ্রহণযোগ্য নয়।''
আইনমন্ত্রী সোমবার নিজ মন্ত্রণালয়ে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিবসহ অন্যদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের জানান, চলতি সাপ্তাহেই সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নোটিশ দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরপরও বাড়ি না ছাড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেলোয়ার আইনমন্ত্রীর উদ্দেশে বলেন, ''খালেদা জিয়ার বৈধ বাড়িটির বিষয়ে আপনারা জোর প্রয়োগ না করে আদালতে যান। সেখানে বিষয়টির ফয়সালা হতে পারে।''
তিনি বলেন, ''গণতন্ত্রের কথা মুখে বললেও সরকার তা চর্চা করছে না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আপনাদের প্রতিহিংসার পথ পরিহার করতে হবে। দেশ ও জাতির কল্যাণে জনগণের কাছে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়নে কাজ করুন। আমরা এ বিষয়গুলোতে সহযোগিতা করতে চাই।''
গত ৮ এপ্রিল মন্ত্রিসভার এক বৈঠকে খালেদার ঢাকা সেনানিবাসের ৬নং শহীদ মইনুল সড়কের বাড়িটির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৫৪৬ ঘ.
bdnews24