২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ চারজন নিহত

নাটোর শহরের হাফরাস্তা মহল্লা এলাকায় সোমবার বাস চাপায় স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়ছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

নাটোর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরের হাফরাস্তা মহল্লা এলাকায় সোমবার বাস চাপায় স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়ছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের অহিদুজ্জামান (৬৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), এবং রিকশাচালক বাচ্চু (২৬) ও ভ্যানচালক লিটন (২২)। আহত পথচারী আদু, বাপ্পি, আকরাম এবং ভ্যানচালক আব্দুল মান্নানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অজ্ঞাত পরিচয় এক পথচারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সকাল ৮টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বাইপাস সড়ক দিয়ে না গিয়ে নাটোর শহরে ঢুকে পড়ে। শহরের হাফরাস্তা মহল্লার গ্রীন হোটেলের সামনে একটি রিকশা ও দুইটি ভ্যানগাড়িকে চাপা দিলে রিকশার দুই আরোহী, রিকশাচালক ও একজন ভ্যানচালক ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও পাঁচজন। আহত ভ্যানচালক আব্দুল মান্নান জানান, বাসটি তার ভ্যানের ওপর উঠে গেলে লাফিয়ে পড়ে তিনি আত্মরক্ষা করেন। এরপর বাসটি সামনের একটি রিকশা ও আরেকটি ভ্যানকে চাপা দেয়। এ ব্যাপারে নাটোর থানায় মামলা হয়েছে। বাস বা এর চালককে আটক করা যায়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/