ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের প্রথম একশ' দিনে শিক্ষাঙ্গনের অস্থিরতা সরকারকে বিব্রত করেছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
এরপরও বিগত সরকারগুলোর প্রথম একশ' দিনের তুলনায় বর্তমান সরকার দশগুণ বেশি কাজ করেছে বলেও দাবি করেন তিনি।
সোমবার মন্ত্রণালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকের পর ফারুক খান সাংবাদিকদের একথা বলেন।
সরকারের একশ' দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "গত তিন মাসে শিক্ষাঙ্গনে যে অবস্থা বিরাজ করছে তা সরকারকে বিব্রত করেছে।"
শিক্ষাঙ্গাসহ যেকোন সন্ত্রাস কঠোর হাতে মোকাবেলা করা হবে জানিয়ে তিনি বলেন, "ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টিকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে।"
তিনি বলেন, "গত দু'বছরে দুর্নীতি দমনের নামে রাজনীতি ও গণতন্ত্রের বিরুদ্ধে অভিযান হয়েছে। বর্তমান সরকার সত্যিকার ভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাবে। গত দু' বছরের অন্যায় ও দুর্নীতির বিচার হবে।"
এক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটিও এসব বিষয় খতিয়ে দেখবে বলে জানান মন্ত্রী।
বিদ্যুৎ খাতের সংকট প্রসঙ্গে ফারুক খান বলেন, "রাতারাতি এ সমস্যা সমাধান সম্ভব নয়। তবে আগামী এক বছরে ইতিবাচক ফল পাওয়া যাবে।"
সরকারের কাছে বড় চ্যালেঞ্জ কি- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি মনেকরি আইনশৃঙ্খলা, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধীদের বিচার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।"
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি ফারুক খান জানান, আগামী বছর থেকে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে সার বিতরণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/জিএনএ/১৬২০ ঘ.
bdnews24