নারায়ণগঞ্জ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রোববার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে তিন পুলিশও আহত হয়।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
আহতদের মধ্যে লিংকন নামের একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাসুম চৌধুরী, সোহাগ (২২), নিলু (৪৮), তাপস (২৮) ও জসীমকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব, কনস্টেবল সোহেল ও হুমায়ুনসহ অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ আবদুল্লাহ আল কায়সার এবং তার চাচা সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ আলী বলেন, গত শুক্রবার মাইক্রোবাস ভাড়া করাকে কেন্দ্র করে সাংসদ কায়সারের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) হিসেবে পরিচিত মাসুম চৌধুরীর সঙ্গে উপজেলা চেয়ারম্যান মোশাররফের সমর্থক লিংকনের বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাসুম চৌধুরীর নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ মোগরাপড়া চৌরাস্তায় লিংকনের ওপর হামলা চালায়। তারা লিংকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
এ সময় অপর পক্ষও হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। দু'পক্ষই ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দোকানপাট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সংঘর্ষ থামাতে গিয়ে সোনারগাঁও থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও দু'জন কনস্টেবল আহত হন।
ওসি আরও বলেন, উপজেলা চেয়ারম্যান সমর্থকদের পক্ষে শহীদুল ইসলাম এবং সাংসদ সমর্থকদের পক্ষে শাহীন বাদী হয়ে থানায় পৃথক দু'টি মামলা করেছেন।
সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম নান্নু বলেন, মাসুম চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসীরা লিংকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।
সাংসদ আবদুল্লাহ আল কায়সারের এপিএস হিসেবে পরিচয়দানকারী মাসুম চৌধুরী বলেন, সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৫ ঘ.
bdnews24