২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ভিওআইপি ব্যবসা বেড়ে গেছে: টিআইওবি

সরকারের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় দেশে অবৈধ ভিওআইপি'র ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে গেছে। আন্তর্জাতিক টেলিযোগাযোগের প্রায় ৫০ শতাংশই অবৈধ ব্যবসায়ীদের দখলে। টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অপারেটর অব বাংলাদেশ (টিআইওবি) রোববার এক সংবাদ সম্মেলনে একথা বলেছে। টেলিযোগাযোগ খাতে বিভিন্নরকম অবকাঠামো সেবা দেওয়া বিটিআরসির লাইসেন্সধারী ৯টি প্রতিষ্ঠানের সংগঠন এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সরকারের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় দেশে অবৈধ ভিওআইপি'র ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে গেছে। আন্তর্জাতিক টেলিযোগাযোগের প্রায় ৫০ শতাংশই অবৈধ ব্যবসায়ীদের দখলে। টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অপারেটর অব বাংলাদেশ (টিআইওবি) রোববার এক সংবাদ সম্মেলনে একথা বলেছে। টেলিযোগাযোগ খাতে বিভিন্নরকম অবকাঠামো সেবা দেওয়া বিটিআরসির লাইসেন্সধারী ৯টি প্রতিষ্ঠানের সংগঠন এটি। রাজধানীর হোটেল শেরাটনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে টিআইওবি সভাপতি মীর নাসির হোসেন বলেন, মনিটরিংয়ের মাধ্যমে অবৈধ ভিওআইপি বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে এ খাতের উন্নতি হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশের সাড়ে ৩ হাজার কোটি টাকার আন্তর্জাতিক টেলিযোগাযোগের ৪০ থেকে ৫০ শতাংশ এখনও অবৈধ ব্যবসায়ীদের হাতে রয়েছে। ভি-স্যাট নিয়ন্ত্রণ না করলে অবৈধ ভিওআইপি বন্ধ করা সম্ভব হবে না।" তিনি শুধু করপোরেট হাউজে ভি-স্যাট সীমাবদ্ধ রাখার পরামর্শ দেন। মীর নাসির হোসেন জানান, কয়েক বছর আগেও দেশে মোট বৈধ আন্তর্জাতিক কলের পরিমাণ ছিল দিনে দেড় কোটি মিনিট। এখন আইজিডব্লিউ (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) গুলো যোগ হওয়ার কারণে বৈধ কলের পরিমাণ বেড়ে দুই কোটি ৩০ লাখ মিনিটে উঠেছে। টিআইওবি সভাপতি বলেন, অবৈধ ভিওআইপির কারণে সরকার প্রচুর পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অবৈধভাবে অর্জিত বলে এই অর্থ হুন্ডির মাধ্যমে দেশে আনতে হচ্ছে। তাছাড়া ভিওআইপি অনিয়ন্ত্রিত কল হওয়ার কারণে অপরাধীরাও সাধারণত এই মাধ্যমকেই ব্যবহার করছে। মীর নাসির বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কাছে ভিওআইপি নিয়ন্ত্রণের জন্য অভিযান জোরদার করতে বলা হলেও বিডিআর সদর দপ্তরের ঘটনার পর অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তবে খুব দ্রুত নতুন করে অভিযান শুরু করা হবে বলে নবনিযুক্ত বিটিআরসি চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছেন। টিআইওবি আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা ট্র্যাক কমিউনিকেশন্স লিঃ এর তারেক ই হক, গেটকো টেলিকমিউনিকেশন্স লিঃ এর হাফিজুর রহমান, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিঃ এর মীর মাসুদ কবীর, এম অ্যান্ড এইচ টেলিকমের দিদারুল ইসলাম এবং নভোটেল লি. এর আরশাদ জামাল ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারকানেকশন একচেঞ্জ (আইসিএক্স) এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কার্যক্রম তুলে ধরেন। তারা বলেন, আগে বিদেশে কল করার ক্ষেত্রে বা বিদেশ থেকে কল পেতে অনেক সমস্যা হতো। কিন্তু এখন শুধু আইজিডব্লিউ'র মাধ্যমে খুব সহজে বিশ্বের যে কোন জায়গা থেকে বাংলাদেশে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২২১৩ঘ.