২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায়ে ইত্তেফাকসহ চার পত্রিকার কার্যালয় ঘেরাও কর্মসূচি

আগামী ১৮-২১ এপ্রিল পর্যায়ক্রমে দৈনিক ইত্তেফাক, দিনকাল, জনকন্ঠ ও অবজারভার পত্রিকার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। রোববার দুপুরে এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ঐক্য পরিষদের নেতা ইকবাল সোবহান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৮-২১ এপ্রিল পর্যায়ক্রমে দৈনিক ইত্তেফাক, দিনকাল, জনকন্ঠ ও অবজারভার পত্রিকার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। রোববার দুপুরে এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ঐক্য পরিষদের নেতা ইকবাল সোবহান চৌধুরী। এই চারটি পত্রিকার সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধ, চাকরিচ্যুতের পুনর্বহাল ও সব পত্রিকায় সপ্তম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী আগামী ১৮ এপ্রিল দৈনিক ইত্তেফাক, ১৯ এপ্রিল দৈনিক দিনকাল, ২০ এপ্রিল ডেইলি অবজারভার ও ২১ এপ্রিল দৈনিক জনকন্ঠ কার্যালয় সকাল ১১ টা থেকে ঘেরাও করা হবে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ১১টায় দৈনিক ইত্তেফাক, অবজারভার, দিনকাল, জনকন্ঠ, খবরপত্র ও সাপ্তাহিক চিত্রালীর সাংবাদিক-কর্মচারী-শ্রমিকরা জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে অবজারভারের সাংবাদিক-কর্মচারীরা ৭৯ মাস এবং দৈনিক দিনকালের সাংবাদিক-কর্মচারীরা ১৩ মাসের বকেয়ার দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। এছাড়া ইত্তেফাক ও জনকন্ঠের চাকুরিচ্যুত সাংবাদিক-কর্মচারীরা তাদের বকেয়া পরিশোধ ও পুনর্বহালের দাবি জানান। এসময় জাতীয় প্রেস ক্লাবের সামনের একদিকের সড়কে যান চলাচল সাড়ে ৪ ঘন্টা বন্ধ ছিল। সমাবেশে অন্যান্যের মধ্যে ঐক্য পরিষদের নেতা রুহুল আমিন গাজী, ফজলে ইমাম, আলতাফ মাহমুদ, এম এ আজিজ, আবদুস শহীদ, সাইফুল ইসলাম তালুকদার, ওমর ফারুক, এম এ হাশেম, মতিউর রহমান তালুকদার বক্তব্য রাখেন। ইকবাল সোবহান চৌধুরী পত্রিকার মালিক কর্তৃপক্ষকে অবিলম্বে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার আহবান জানান। তিনি বলেন, ''ঘেরাও কর্মসূচির সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে পরবর্তিতে চূড়ান্ত কর্মসূচি দেওয়া হবে।'' তিনি জানান, আজ (রোববার) সারাদেশে চার ঘন্টা কলম বিরতি পালিত হয়েছে। সরকারি সংবাদ সংস্থা বাসস-এর কর্মচারীরা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের টেলিপ্রিন্টার মেশিন বন্ধ রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষাভ মিছিল বের করা হয়। গত ৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্য পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচি থেকে ১২ এপ্রিল বিক্ষোভ সমাবেশ ও সারাদেশে চার ঘন্টার কলম বিরতির কর্মসূচি ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮১২ঘ.