২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে বস্তাবন্দী লাশ উদ্ধার

রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে এক ব্যাবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বস্তার ভেতরে গলাকাটা অবস্থায় পুলিশ মোটর যন্ত্রাংশ ব্যাবসায়ী আওলাদ হোসেন আদিলের (২৮) লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে এক ব্যাবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বস্তার ভেতরে গলাকাটা অবস্থায় পুলিশ মোটর যন্ত্রাংশ ব্যাবসায়ী আওলাদ হোসেন আদিলের (২৮) লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্রাপুর থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, সকাল ৯ টার দিকে ২২৩ নং লালমোহন সাহা স্ট্রীটের ফুটপাতে একটি বস্তা দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ এসে বস্তাটি খুলে এর ভেতর এক যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। পরে নিহতের পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশ সনাক্ত করেন। পুলিশ জানায়, আদিল ধোলাইখাল এলাকায় মোটর যন্ত্রাংশের ব্যবসা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ২৯/১ নাসির উদ্দিন সরদার লেনের বাসায় ফেরেন। রাত ১০ টার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে আদিল বাসায় ফিরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেন। সকালে লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা খবর পেয়ে থানায় গিয়ে লাশ সনাক্ত করেন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে বের করার চেষ্টা চলছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধোলাইখালের চোরাই মোটর যন্ত্রাংশ ব্যাবসায়ী চক্রের সঙ্গে জড়িত ছিল আদিল। তাকে আটকের জন্য পুলিশ একাধিকবার অভিযানও চালায়। ওই চক্রের সঙ্গে ব্যবসায়িক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৮৫০ঘ