ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠ্যক্রমে 'বিকৃতভাবে' উপস্থাপিত ইতিহাস আগামী শিক্ষাবর্ষ থেকে 'সঠিক' করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, "পাঠ্যক্রমে যে সব ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে তা আগামী শিক্ষাবর্ষ থেকে সঠিকভাবে জাতি জানতে পারবে। কারণ আগামী প্রজন্ম জাতির সঠিক ইতিহাস জানতে চায়।"
শুক্রবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ইতিহাস বিভাগের আয়োজনে 'আমাদের মুক্তিযোদ্ধা' নামে এক সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উদ্বোধনের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "খুব দ্রুত জঙ্গিদের যারা অর্থের যোগান দিচ্ছে তাদের খুঁজে বের করবে সরকার। এর বাস্তবায়ন আপনারা শিগগিরই দেখতে পারবেন।"
সেমিনারের বিশেষ অতিথি ছিলেন জবি উপাচার্য ড. মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১৪২২ ঘ.
bdnews24