চাঁদপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মেঘনা নদীতে বুধবার রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে সাত হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।
বৃহস্পতিবার সকারে চাঁদপুর শহর সংলগ্ন ডাকাতিয়া নদীর তীরে এসব জাল পুড়িয়ে ধ্বংস কর হয়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর মোহনপুর, এখলাছপুর, চিরার চর, আমিরাবাদ, জাহাজমারা চর, লগ্নিমারা চর এলাকায় বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন নৌকা থেকে সাতহাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫০ ঘ.
bdnews24