ঢাকা এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিজ্ঞান কলেজের ছাদ থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা ইটের আঘাতে থেতলানো ছিল।
নিহতের নাম এ এস এম আহসানুল নুর জিসান (১৯)। সে মালিবাগের এই কলেজেরই উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র।
ঘটনাস্থল থেকে মতিঝিল থানার সহ-পরিদর্শক আলী আজগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সন্ধা ৭টার দিকে কলেজের ছাত্র আতিক তার এক বন্ধুসহ ছাদে উঠে লাশটি দেখতে পায়। সে অধ্যক্ষকে জানালে তিনি পুলিশকে খবর দেন। লাশের মাথা ইটের আঘাতে থেতলানো ছিল। মাথার পাশেই রক্ত ও ইটটি পড়ে থাকতে দেখা যায়।"
আজগর জানান, কোচিং এর কথা বলে জিসান বিকালে মালিবাগের চৌধুরী স্ট্রিটের বাসা থেকে বেরিয়ে আসে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।
জিসানের পিতা এ এইচ এম নুরুল্লাহ র্যাব-৪ এ সার্জেন্ট হিসাবে কর্মরত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০০২০ঘ.
bdnews24