রাজশাহী, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা খাতের সব বৈষম্য দূর করে শিক্ষাকে জাতীয়করণ ও বেসরকারি কলেজ শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো কার্যকরের দাবি জানানো হয়েছে।
রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বুধবার বিকেলে বেসরকারী কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে শিক্ষকরা এ দাবি জানান।
সমিতির সভাপতি মোল্লা সোহরাবুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইএচএম খায়রুজ্জামান লিটন। অন্যান্যের মধ্যে সাংসদ অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ দাশ, সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আহমদ এবং শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা বক্তব্য রাখেন।
খায়রুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, শিক্ষকদের শুধু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করলেই চলবে না। ছাত্রদের সামাজিক ও নৈতিক উন্নয়নে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখতে হবে। সমাজের অবক্ষয় রোধেও তাদের এগিয়ে আসতে হবে।
শিক্ষক নেতারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষকদের অধিকাংশই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এবং তারাই শতকরা আশি ভাগ শিক্ষার্থীর জীবন গড়ে তোলার মহৎ কাজে ব্যস্ত থাকেন। কিন্তু তাদের খুবই দূর্বিসহ ও মানবেতর জীবন-যাপন করতে হয়।
রাজশাহী জেলা ও মহানগরীর শতাধিক কলেজের প্রায় দেড় হাজার শিক্ষক-কর্মচারী সম্মেলনে অংশ নেন। এতে তিন বছরের জন্য সমিতির নতুন কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২২৫০ ঘ.
bdnews24