২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক-তৃতীয়াংশ এনজিওর কার্যক্রম নেই: সমাজকল্যাণ মন্ত্রী

বর্তমানে দেশের এক-তৃতীয়াংশ বেসরকারি সংস্থার (এনজিও) কোন কার্যক্রম নেই। এছাড়া নতুন ও পুরনো সব এনজিওকেই নতুন করে নিবন্ধন করতে হবে। এজন্য এনজিওগুলোকে গঠণতন্ত্র ও অর্থ পাওয়ার উৎস ও লেনদেনের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন সরকারের এক মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 07:10 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমানে দেশের এক-তৃতীয়াংশ বেসরকারি সংস্থার (এনজিও) কোন কার্যক্রম নেই। এছাড়া নতুন ও পুরনো সব এনজিওকেই নতুন করে নিবন্ধন করতে হবে। এজন্য এনজিওগুলোকে গঠণতন্ত্র ও অর্থ পাওয়ার উৎস ও লেনদেনের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন সরকারের এক মন্ত্রী। সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ সাংবাদিকদের বলেন, অকার্যকর এই এনজিওগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার জন্য তার মন্ত্রণালয় থেকে সংস্থাগুলোকে চিঠি দেয়া হয়েছে। তবে নতুন করে কার্যক্রম শুরু করতে হলে এনজিওগুলোকে আবারো মন্ত্রণালয় থেকে লিখিত অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, এক্ষেত্রে এনজিওগুলোর ব্যাপারে পুলিশি তদন্তও করা হতে পারে, যাতে তাদের মাধ্যমে জঙ্গিবাদি তৎপরতায় অর্থায়নের সুযোগ সৃষ্টি না হয়। মন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদনপ্রাপ্ত প্রায় এক লাখ ৫০ হাজার এনজিও রয়েছে। এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত এনজিওর সংখ্যা ৫৬ হাজার। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব এনজিওর এক তৃতীয়াংশরই বর্তমানে কোন কার্যক্রম নেই। নতুন একটি নিবন্ধণ কর্তৃপক্ষ গঠনের কাজ চলছে বলে জানান তিনি। এনামুল হক মোস্তফা শহীদ বলেন, এনজিওর কার্যক্রম মনিটরিংয়ে সামাজিক নিরাপত্তা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোন এনজিও'র কার্যক্রমে অস্বচ্ছতা থাকলে পরিষদের সুপারিশে তা বন্ধ করে দেওয়া যাবে। মন্ত্রী বলেন, এখন এনজিওগুলো বিচ্ছিন্নভাবে কাজ করছে। সরকারের তেমন কোন হস্তক্ষেপ নেই। তবে এভাবে চলতে দেয়া হবে না। এগুলোকে একটি আইনি কাঠামোর আওতায় আনা হবে। এরই মধ্যে এ ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/০০৫৬ঘ.