২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাওড়াকান্দি ঘাট সরে যাচ্ছে শরীয়তপুরের বাংলাবাজার পয়েন্টে

মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাটটি সরিয়ে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বাংলাবাজার পয়েন্টে নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

মাদারীপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাটটি সরিয়ে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বাংলাবাজার পয়েন্টে নেওয়া হচ্ছে। এর ফলে নৌপথে মুন্সীগঞ্জের মাওয়ার সঙ্গে দূরত্ব পাঁচ কিলোমিটারের মতো কমে যাবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের য্গ্মু সচিব মো. নাসিরুদ্দিন। মঙ্গলবার দুপুরে নৌপথ পরিদর্শনে এসে বাংলাবাজার ঘাটে নাসিরুদ্দিন সাংবাদিকদের বলেন, ঘাট স্থানান্তরের কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। যত দ্রুত সম্ভব ঘাটটি স্থানান্তর করা হবে। তিনি সড়ক ও জনপথ বিভাগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভোগান্তি কমাতে শিগগিরই কাওড়াকান্দি ঘাটটি বাংলাবাজার পয়েন্টে স্থানান্তর করা হবে। এজন্য চলতি সপ্তাহ থেকেই সংযোগ সড়কটি মেরামত প্রক্রিয়া শুরু হবে। ঘাটটি স্থানান্তর হলে নৌপথে মাওয়ার সঙ্গে ৫ কিলোমিটার দূরত্ব কমে যাবে। এতে ফেরি ও লঞ্চসহ নৌযানের নদী পার হতে সময় লাগবে ৪০ থেকে ৫০ মিনিটের মতো। এতে যাত্রীদের ভোগান্তি কমার সঙ্গে সঙ্গে সরকারের কোটি কোটি টাকার জ্বালানিও সাশ্রয় হবে। প্রতিনিধিদলে আরও ছিলেন- পদ্মা বহুমুখী সেতুর পুনর্বাসন বিশেষজ্ঞ ড. জামান, পরিবেশ বিশেষজ্ঞ ড. করিম, ড. নাজিম, নদী শাসন বিশেষজ্ঞ মোখলেসউজ্জামান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পরিচালক মো. আলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিনিয়র পরিচালক আব্দুর রাজ্জাক, সড়ক ও জনপথের প্রধান প্রকোশলী কাজী নজিবুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদসহ মাদারীপুরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৪৫ ঘ.