ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবির বিদেশ গমন ও ফিরে আসতে দেওয়ার জন্য সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে।
স্বরাষ্ট্র সচিব, অভিবাসন বিভাগের মহাপরিচালক, পুলিশ প্রধান ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী দু'সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শামসুল হুদার হাইকোর্ট বেঞ্চ লবির দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই আদেশ দেন।
লবি হাইকোর্টে রিটটি দাখিল করেন ৬ এপ্রিল ।
রিটকারী পক্ষে শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, আগামী ১৯ এপ্রিল চিকিৎসার জন্য লন্ডন ও সিঙ্গাপুর যাওয়ার জন্য লবি ভিসা নিয়েছেন। বিমানের টিকেটও কিনেছেন। কিন্তু বিমান বন্দরে খোঁজ নিয়ে তার মক্কেল জানতে পারেন যে বিদেশ যেতে না দেওয়ার তালিকায় যে ৬২ জনের নাম রয়েছে তার মধ্যে লবির নামও আছে।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, লবি বিদেশ যাওয়ার জন্য বিমান বন্দরে যাননি। তাকে বিদেশ যেতে বাধাও দেওয়া হয়নি। তাই এই অবস্থায় তার দায়ের করা রিটটি পুরোপুরি অচল ছাড়া আর কিছুই নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২১২০ ঘ.
bdnews24