২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, অবরোধ-ভাঙচুর

ময়মনসিংহ ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সকালে ছয়জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সকালে ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নওধার এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন তিনজন। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ট্রাক চাপায় দুই পোশাক কর্মী ও রিকশা চালক নিহত হন। এ ঘটনায় পোশাক শ্রমিকরা সকাল ৮টা থেকে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে ২৫/৩০টি যানবাহন। ময়মনসিংহ প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বালু ভর্তি একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ময়মনসিংহগামী সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আল খায়ের মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় বালু শ্রমিক আলম ও গিয়াস উদ্দিন গেসুসহ অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়। আহত ট্রাকচালক মিরাজ আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অজ্ঞাত অপর দুজনকে ত্রিশাল স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলম, গিয়াসউদ্দিন ও মিরাজ আলীর বাড়ি ত্রিশালের চুরখাই গ্রামে। গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদরের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার সকালে ট্রাক চাপায় দুই পোশাক কর্মী ও রিকশা চালক নিহত হয়েছেন। এরা হলেন- সাউদার্ন গার্মেন্টসের কর্মী খাদিজা বেগম (২৪), ঈগল নিটওয়্যার এর নীলিমা (১৮) ও রিকশা চালক জুয়েল। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল আটটার দিকে রিকশায় করে কর্মস্থলে যাওয়ার সময় সাউদার্ন গার্মেন্টসের কর্মী খাদিজা, নীলিমা ও রিকশা চালক জুয়েল ট্রাকের চাপায় নিহত হন।" এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ২৫/৩০টি গাড়ি ভাঙচুর করে এবং দুইটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে- পুলিশের এ আশ্বাসে সকাল ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়। ওসি জানান, নীলিমার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ার মহিশপুটিতে। খাদিজার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার বাজার এলাকায়। আর জুয়েলের বাড়ি নেত্রকোনার বারহাট্টায়। গাজীপুর সদর হাসপাতালে ময়না তদন্ত শেষ মঙ্গলবার দুপুরে তাদের লাশ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/এমএসবি/২০৪৪ ঘ.