ভোলা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার বোরহানউদ্দিন উপজেলার রামকেশব গ্রামে মাদ্রাসার আড়ালে জঙ্গি আস্তানার মূল হোতা বলে অভিযুক্ত ফয়সাল মোস্তাফা ও তার সহযোগী সাইফুদ্দিন বাদলকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সোমবার ভোরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত ২৫ মার্চ রাজধানীর একটি বাসা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয় বলে দেশি-বিদেশি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তা নিশ্চিত করেনি।
মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন থানা পুলিশ ফয়সালকে ভোলার বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। হাকিম আমিনুল ইসলাম শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
এর আগে সকাল ১১টার দিকে তাকে বোরহানউদ্দিন থানায় সোপর্দ করা হয় বলে জানান আদালতের জেনারেল রেকডিং কর্মকর্তা (জিআরও) সাহাদাত হোসেন জানান।
তিনি জানান, গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২৪ মার্চ রামকেশবপুর গ্রামে গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির উপকরণ ও জিহাদী বই উদ্ধার করে র্যাব। আটক করা হয় মাদ্রাসার শিক্ষক রাসেল এবং তত্ত্বাবধায়ক আব্দুল হামিদ (৩০), আবুল কালাম (৩২) ও মো. জসিমকে (৩৫)।
পরদিন অভিযান চালিয়ে দুই বোতল এসিড উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ ১১ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। মামলায় সাইফউদ্দিন বাদলকেও আসামি করা হয়।
অপর আসামিরা হলেন- মুফতি মহিউদ্দিন, হুমায়ুন আহমেদ, মো. ইউনুস, হাসান সাইফুদ্দিন, ইউনুস শরীফ ও মিজানুর রহমান।
রাসেল, হামিদ, কালাম ও জসিমকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদে লন্ডন প্রবাসী ফয়সালের সম্পর্কে তথ্য পায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা গ্রিন ক্রিসেন্ট এর অর্থায়নে ভোলাসহ দেশের কয়েকটি এলাকায় মাদ্রাসা, ক্লিনিক পরিচালিত হচ্ছে। ফয়সাল বাংলাদেশে গ্রিন ক্রিসেন্টের বিভিন্ন প্রকল্পের অর্থ যোগান দিতেন এবং কাজ দেখভাল করতেন।
মঙ্গলবার সকাল থেকে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ফয়সালকে আদালতে হাজির করা হবে এ খবর জানার পর লোকজন আদালত প্রাঙ্গণে ভিড় জমাতে থাকে।
দুপুর ২টা ৩৪ মিনিটে ফয়সাল ও বাদলকে আদালতে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জিআরও সাহাদাত আদালতকে বলেন, গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্টতা আছে বিধায় এ দুজনকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
রিমান্ডের বিরোধিতা করে ফয়সাল ও বাদলের আইনজীবীরা আদালতকে বলেন, অস্ত্র ও গোলাবারুদ তাদের কাছ থেকে বা তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়নি। তাদের বিরুদ্ধে মামলা সাজানো। তাদেরকে হয়রানি করা হচ্ছে।
অ্যাডভোকেট আব্দুল হামিদের নেতৃত্বে আটজন আইনজীবী ফয়সাল ও বাদলের পক্ষে শুনানি করেন।
আদালত রিমান্ডের আদেশ দেওয়ার পর বিকেল সোয়া ৪টায় তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24