ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কর্মকর্তা-কর্মচারিদের কাজের মূল্যায়ন আর গোপন রাখবে না সরকার।
এ ব্যাপারে ইতোমধ্যেই সংস্থাপন মন্ত্রণালয়ে একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয়েছে বলে জানিয়ে মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) পদ্ধতিতে নানা ধরনের অস্বচ্ছতা থাকে। নতুন পদ্ধতি চালু হলে কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা ও যোগ্যতার মূল্যায়ন পদ্ধতি আরো স্বচ্ছ হবে এবং এর মাধ্যমে সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।"
সচিব বলেন, "গোপনীয় পদ্ধতি পরিবর্তন করে কর্মকর্তা-কর্মচারিদের বাৎসরিক কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হবে। প্রতি ছয় মাস পর পর কাজের মূল্যায়ন করে কর্মকর্তা-কর্মচারিদের বার্ষিক প্রতিবেদন লেখা হবে।"
এ বছরই সব কর্মকর্তা-কর্মচারির জন্য এ পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি।
ইকবাল মাহমুদ বলেন, "একজন কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারির সঙ্গে বসেই তার কাজের মূল্যায়নপত্র লিখবেন। এটি আর গোপনীয় থাকবে না।"
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে 'সরকারি আবাসন পরিদপ্তরের অটোমেশন কার্যক্রম' উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৩৪৬ ঘ.
bdnews24