২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুল হক শিক্ষা নীতিকেই যুগোপযোগী করা হবে: শিক্ষা মন্ত্রী

দু'এক দিনের মধ্যেই নতুন শিক্ষা নীতি প্রণয়ন কমিটি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী জানান, তারা আর কোন পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 03:58 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা,এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর)---দু'এক দিনের মধ্যেই নতুন শিক্ষা নীতি প্রণয়ন কমিটি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী জানান, তারা আর কোন পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন না করার সিদ্ধান্ত নিয়েছেন। কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের আলোকে আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে করা ড. শামসুল হক শিক্ষা নীতিকেই 'যুগোপযোগী করে' নতুন একটি শিক্ষা নীতি করা হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, "দু'এক দিনের মধ্যে নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটির কথা জানা যাবে। এ কমিটি কয়েক মাসের মধ্যে প্রতিবেদন দেবে।" এর আগে রোববার বিকেলে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন শিক্ষানীতি প্রণয়নে একটি কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এতে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে প্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এটি চূড়ান্ত হবে এবং এর ভিত্তিতেই কমিটি কাজ করবে বলে জানান শিক্ষা সচিব। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি "শিক্ষার আধুনিকায়ন ঃ জরুরি করণীয়" শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন," শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হলে চিন্তা, চেতনা ও কাজে পরিবর্তন আনতে হবে।" প্রতি উপজেলায় একটি করে কারিগরী স্কুল কারিগরী শিক্ষা খুবই উপেক্ষিত মন্তব্য করে দেশের প্রত্যেক উপজেলায় একটি করে কারিগরী স্কুল প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। বর্তমানে দেশের প্রায় দুই হাজার গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানান তিনি। মন্ত্রী বিদ্যালয় থেকে ঝরে পড়ার সমস্যাও তুলে ধরেন। তিনি বলেন,"এসব সমস্যা সমাধানে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ২০১১ সালের মধ্যে সব শিশুকে বিদ্যালয়ে আনতে চাই।" পাঠ্যপুস্তকের সিলেবাসের মানোন্নয়নের জন্য দু'টি কমিটি করা হয়েছে বলে জানান নাহিদ। দেশের ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটি বাদে বেশির ভাগই সফল হতে পারেনি মন্তব্য করে শিক্ষা মন্ত্রী বলেন," এ বিষয়ে আরও নজর দিতে হবে।" শিক্ষা খাতে ব্যয় হ্রাসে হতাশা কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রী জানান, "সহস্রাবদ্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অনুযায়ী জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করার কথা। সেটা সম্ভব না হলে কমপক্ষে ৪ শতাংশ ব্যয় করা উচিত। কিন্তু আমাদের এখানে জিডিপির মাত্র ২ দশমিক ২৩ শতাংশ ব্যয় করা হয়।" নাহিদ বলেন, গত বাজেটেও শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কমেছে। গত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ ছিল ১২ দশমিক ২ যেখানে ঋণ পরিশোধ বাবদ ছিলো ১২ দশমিক ৬ শতাংশ। নুরুল ইসলাম নাহিদ বলেন," আগামী ২০১৭ সালের মধ্যে ১৪ থেকে ৪৫ বছর বয়সী সব নিরক্ষর মানুষকে সাক্ষরতা দেওয়া হবে। তারা পড়তে, লিখতে ও বুঝতে পারবে।" কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ম আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহ, সাংসদ মো. শাহ আলম, অধ্যাপক রঙ্গলাল সেন, মাহফুজা খানম, শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ। কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এমএ বারীর পরিচালনায় সেমিনারে তিনটি শিক্ষা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারি, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ জিনাত আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এমএম আকাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১৫৪ঘ.