২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের সময় স্বামী ও দেবরকে হত্যার অভিযোগে নড়াইলে মামলা

মুক্তিযুদ্ধের সময় স্বামী ও দেবরকে হত্যার অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম আরও ৭/৮ জনকে আসামি করে নড়াইলে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 11:30 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

নড়াইল, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় স্বামী ও দেবরকে হত্যার অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম আরও ৭/৮ জনকে আসামি করে নড়াইলে একটি মামলা হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার তুলারামপুর গ্রামের নূরজাহান বেগম সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। হাকিম মুহাম্মদ হাবিবুল্লাহ মামলাটি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নড়াইল সদর থানাকে নির্দেশ দিয়েছেন। মামলায় রাজধানীর সায়েদাবাদ এলাকার বাসিন্দা ও তুলারামপুর গ্রামের মাওলানা সোলায়মান ওরফে মাওলানা ফারুকী (৭০), যশোরের আর এন রোড়ে বসবাসরত একই গ্রামের রুহুল কুদ্দুস মোল্যা (৬২) ও মো. বদরুদ্দোজাসহ (৬৫) আরও অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে। আসামিরা খুনী, নারী ধর্ষণকারী, লুটেরা, রাজাকার, আল-বদর, আল-শামসের সদস্য ও পাক বাহিনীর দোসর ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। নূরজাহান বেগম অভিযোগ করেন, ১৯৭১ সালের ১৭ জুলাই তার স্বামী রফিকুল ইসলাম তরফদার ও দেবর মাহাতাব উদ্দিন তরফদারকে আসামিরা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। নড়াইলের রূপগঞ্জ বাজারের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে কয়েকদিন ধরে নির্যাতন করার পর ২০ জুলাই সন্ধ্যায় তাদের হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। আসামিরা প্রভাবশালী হওয়ায় নূরজাহান বেগম এতদিন স্বামী ও দেবর হত্যার বিচার চেয়ে মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেন। মামলা করার পর নূরজাহান ও তার ছেলে তরফদার কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার যুদ্ধাপরাধীদের বিচারের ঘোষণা দেওয়ায় আশ্বস্ত হয়ে তারা এ মামলা করেছেন। ইতোমধ্যে রাজশাহী, বাগেরহাট, খুলনা, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় যুদ্ধাপরাধের বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে রাজশাহীর একটি মামলায় আটক দুই আসামি রিমান্ড শেষে জেলহাজতে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.