২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসে ঘূর্ণিঝড়, তাপ প্রবাহ ও আকস্মিক বন্যার আশঙ্কা

এ মাসে দেশে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। আশঙ্কা রয়েছে আকস্মিক বন্যারও। সেই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি ধরনের তাপ প্রবাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)-এ মাসে দেশে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। আশঙ্কা রয়েছে আকস্মিক বন্যারও। সেই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি ধরনের তাপ প্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পশ্চিমা বায়ু প্রবাহ খুব একটা সক্রিয় না হওয়ায় বৃষ্টি কম হচ্ছে। তবে এ মাসের শেষ দিকে বৃষ্টি কিছুটা বাড়বে। তিনি বলেন, সাধারণত বছরের এই সময়ে তাপমাত্রা বেড়ে যায়। তবে বৃষ্টি হলেই তা আবার কমে আসে। আবহাওয়া অধিদপ্তরের এ মাসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে। সে সময় তাপমাত্রা ৩৮/৪০ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে। একে মাঝারি ধরনের তাপপ্রবাহ হিসেবে অভিহিত করে পূর্বাভাসে বলা হয়, এছাড়া দেশের আরো কয়েকটি স্থানের ওপর দিয়ে তিন/চার দফা মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারী থেকে শক্তিশালী দু'তিনটি কালবৈশাখী আঘাত হানতে পারে। অন্যান্য স্থানের ওপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী বয়ে যেতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু'টি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূণিঝড়ে রূপ নিতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়, এছাড়া এপ্রিলে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা থাকলেও মাসের শেষ দিকে উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চে রাজশাহী বিভাগ ছাড়া অন্যান্য স্থানে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। মাসের প্রথম দিকে পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী লঘুচাপের যথাযথ সমন্বয় না ঘটায় সারাদেশে বৃষ্টি কম হয়েছে। তবে শেষ দিকে পশ্চিমা লঘুচাপ জোরদার হয়ে ওঠায় বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/এইচএ/১৮০০ ঘ.