২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো তিন বিডিআর সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো তিন বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শুক্রবার তারা ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো তিন বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শুক্রবার তারা ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদের এবং জুলফিকার হায়াত তাদের খাস কামরায় বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নায়েক মো. আব্দুল কাইয়ুম, হাবিলদার মাসুদ ইকবাল এবং সিপাহী মনজুর আলমের এ জবানবন্দি নেন। জবানবন্দি শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে ২৫ মার্চ একই আদালতে এ মামলায় ৬ বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং দপ্তরের সহকারি উপ-পরিদর্শক আছাব আহমেদ তিন বিডিআর সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। অন্যদিকে শুক্রবার বিকেলে একই আদালতে নতুন গ্রেপ্তার হওয়া ৮ বিডিআর সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ তাদের মধ্যে সিপাহী সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড চান। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকী ৭ জনকে কারাগারে পাঠানো হয়। এছাড়া রিমান্ড ফেরত ১১ বিডিআর সদস্যকে প্রায় একই সময়ে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে ৮ জনকে আরো জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নতুন করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরা হলেন সিপাহী আসাদুজ্জামান, সিপাহী রায়হান চৌধুরী, হাবিলদার আবু তাহের, নায়েক কামরুজ্জামান, সিপাহী সফিউল আজম, সিপাহী জয়নাল আবেদীন, সিপাহী আনোয়ারুল ইকবাল, সিপাহী মাসুদ পারভেজ। অন্য তিনজনকে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২২৫০ঘ.