রাজশাহী, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মহানগরীর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিচ্ছে সিটি করপোরেশন।
প্রতিষ্ঠানগুলো হল- নগরীর লোকনাথ উচ্চ বিদ্যালয়, শহীদ নাজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়, হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, মেট্রোপলিটন কলেজ ও কোর্ট কলেজ।
শুক্রবার বিকেলে নগরীর হামিদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সংবর্ধনা, বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেয়র এ কথা জানান।
তিনি বলেন, "শিক্ষার মান উন্নয়নে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এ প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হবে।"
মেয়র বলেন, "আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে জনগণের মতামতের ভিত্তিতে সিটি করপোরেশনের বাজেট করা হবে।"
এ জন্য বিভিন্ন ওয়ার্ডে প্রাক বাজেট মতবিনিময় সভা করা হবে বলে তিনি জানান।
হামিদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আসাদুজ্জামান আসাদ, প্রকৌশলী আব্দুল জাব্বার, বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24