ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত পদ্মা সেতুর ওপর দিয়ে মংলা, বেনাপোল এবং দক্ষিণাঞ্চলীয় শহর বরিশালে রেল লাইন যাবে। এছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যন্ত নির্মিত হবে চার লেন সড়ক।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন একথা জানান।
তিনি বলেন, "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বরিশাল পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধু নেই, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায়। এই সরকার পদ্মা সেতু নির্মাণ করবে।"
"সেতুতে রেল লাইন থাকবে; যা মংলা, বেনাপোল এবং বরিশাল পর্যন্ত যাবে", বলেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম প্রবেশ নিয়ন্ত্রিত হাইওয়ে তৈরির পরিকল্পনা সরকারের আছে। এ লক্ষে বেসরকারি বিনিয়োগকারী নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে। বেসরকারি বিনিয়োগ চূড়ান্তভাবে নির্বাচনের পর কাজের বাস্তবায়ন শুরু হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এএল/এইচএ/২২৪৫ঘ.
bdnews24