২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-নির্বাচনে কারচুপির কোনো আলামত নেই: সিইসি

বৃহস্পতিবারের উপ-নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বৃহস্পতিবারের উপ-নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। উপ-নির্বাচনের আগে পাঁচটি নির্বাচনী এলাকা ঘুরে এসে বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শামসুল হুদা বলেন, "নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই। যে কোনো মূল্যে এ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে করা হবে। এ নির্বাচনে কারচুপির কোনো আলামত দেখছি না। এ ধরনের কোনো কোনো কিছু করার সুযোগও নেই।" বগুড়া ও কুড়িগ্রামে 'কিছু বিচ্ছিন্ন ঘটনা' ঘটলেও তা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেন তিনি। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান সিইসি। নির্বাচনের দিন সাংসদরা যাতে ভোটকেন্দ্রে না যান বা নির্বাচনে প্রভাব না ফেলেন সে জন্য আবারো অনুরোধ রাখেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "উপজেলা নির্বাচনে সাংসদের নির্বাচনী এলাকায় যাওয়ায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর পুনরাবৃত্তি এ নির্বাচনে চাই না। মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তির মতো প্রয়োজনে আগামীতে সাংসদদেরও নির্বাচনী এলাকায় সফর না করার বিষয়ে বিধি করা যায় কিনা দলগুলোর সঙ্গে আলোচনা করে সে ব্যাপারে মতামত নেওয়া হবে। উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন আশা করছেন- জানতে চাইলে শামসুল হুদা বলেন, বিভিন্ন কারণে উপস্থিতি কম হতে পারে। সিইসি বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচনের চেয়ে এবার ভোটার উপস্থিতি কম হতে পারে বলে আশঙ্কা করছি। কারণ এ নিয়ে পর পর তাদের তিনবারের (সংসদ ও উপজেলার পর উপনির্বাচন) মতো ভোটকেন্দ্রে যেতে হবে। এছাড়া কৃষকরা এখন খুব ব্যস্ত। বোরো চাষ ফেলে তারা ভোটকেন্দ্রে যাবে কিনা- তা নিয়ে সংশয় রয়েছে। গত ডিসেম্বরের তাদের অফ সিজন ছিল।" ২৯ ডিসেম্বরের নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিতির হার ছিল প্রায় ৮৭ শতাংশ যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৯২৭ঘ.