ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম)- এখন থেকে প্রতি বছরের ৫ থেকে ১৫ জানুয়ারির মধ্যে বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে।
বুধবার সংসদে উপস্থাপিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ২০০৮ সালের এ প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে পিএসসির অর্জন ও পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদনে দেখা যায়, শহরে বসবাসকারী পিতা-মাতার সন্তানরাই বিসিএসে বেশি চাকরি পাচ্ছে।
২৩ থেকে ২৭তম বিসিএসের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, ২৩ তম, ২৪তম, ২৫ তম, ২৬তম ও ২৭তম বিসিএস পরীক্ষায় চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পিতারা শহরে বসবাস করে যথাক্রমে ৬৩ দশমিক ৩৮ শতাংশ, ৫২ দশমিক ১৩ শতাংশ, ৫৯ দশমিক৪৮ শতাংশ,৪৩ দশমিক ৯ শতাংশ এবং ৫৫ দশমিক ৩৬ শতাংশ।
অন্যদিকে মাতারা শহরের বসবাস করে যথাক্রমে ৫৭ দশমিক ৭৫ শতাংশ,৫১ দশমিক ৪৬ শতাংশ, ৫৯ দশমিক ৩৭ শতাংশ,৪১ দশমিক ৯৬ শতাংশ এবং ৫৪ দশমিক ৭৪ শতাংশ।
প্রতিবেদনে বর্তমান প্রচলিত কোটা পদ্ধতির নানা 'জটিলতার' চিত্র তুলে তা সহজ করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।
কোটা প্রয়োগ পদ্ধতি সরলীকরণের ব্যাপারে সরকারের কাছে কমিশনের দেওয়া প্রস্তাবে বলা হয় মুক্তিযোদ্ধা,মহিলা, উপজাতিসহ কোটাগুলো জাতীয় পর্যায়ে বন্টন করা যেতে পারে। অর্থাৎ প্রাধিকার কোটাগুলোকে আবার জেলা বা বিভাগভিত্তিক ভাগ করা যাবে না। এ ধরণের কোটার পদগুলো জাতীয়ভিত্তিক নিজস্ব মেধাক্রম অনুযায়ী ওই কোটায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বন্টন করা যেতে পারে।
সিভিল সার্ভিসে বর্তমানে ৫৫ শতাংশ কোটা এবং ৪৫ শতাংশ মেধার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।
প্রতিবেদনে সরকারি চাকুরেদের গোপনীয় প্রতিবেদন নিয়ে নানা ধরণের অনিয়ম ও অসঙ্গতির চিত্র তুলে ধরে বলা হয়, এসব কারণে কমিশন কর্তৃক পদোন্নতির বিষয় বিবেচনার ক্ষেত্রে জটিলতা দেখা দেয় এবং পদোন্নতির সুপারিশ করার ক্ষেত্রে সময় অপচয় হয়।
নতুন পদ্ধতিতে বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা দূর হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কেআরসি/পিসি/এমএইচসি/এসকে/২১২০ঘ.
bdnews24