২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সাবেক সিআইডি কর্মকর্তাকে গ্রেপ্তারে নিস্ফল অভিযান

একুশে আগস্ট গ্রেনেড হামলা ভিন্নখাতে প্রবাহিত করার মামলায় তিন সাবেক সিআইডি কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্যে তাদের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা মার্চ ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে আগস্ট গ্রেনেড হামলা ভিন্নখাতে প্রবাহিত করার মামলায় তিন সাবেক সিআইডি কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্যে তাদের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার সকাল থেকে স্থানীয় থানার সহযোগিতায় সিআইডি কর্মকর্তারা এই অভিযান চালান। তবে সবাই 'আত্মগোপন' করায় তারা কাউকে গ্রেপ্তার করতে পারেননি বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা। পল্টন থানায় রোববার রাতে দায়ের হওয়া মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারি পুলিশ সুপার রওনকুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"তিনজন আসামীকে ধরতে দিনভর তাদের ঢাকার বাসায় অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।" তিনি বলেন, "বিশেষ পুলিশ সুপার রুহুল আমিনের বাসা ঢাকার পল্টনে, এএসপি মুন্সি আতিকুল ইসলামের বাসা মীরপুরে ও এএসপি আব্দুর রশিদের বাসা মোহাম্মদপুরে। এসব বাসায় অভিযান চালানোর সময় স্থানীয় থানা পুলিশের সহযোগিতা নেওয়া হয়। তবে বাসাতে পরিবারের সদস্যরা থাকলেও আসামীদের কাউকে পাওয়া যায়নি।" রওনকুল হক আরো জানান, ইতোমধ্যেই তিনি মামলাটির বাদী সিআইডির সহকারি পুলিশ সুপার ফজলুল কবিরের সাথে মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। মামলার নথিপত্রও পর্যালোচনা করা হয়েছে। জজ মিয়াকে যে কক্ষে নিয়ে 'মিথ্যা স্বীকারোক্তি' আদায় করা হয়, সেটি কক্ষটিও পরিদর্শন করেছেন বলে জানান তিনি। তদন্ত কর্মকর্তা জানান, তারা শিগগিরই মামলার আলোচিত ব্যক্তি জজ মিয়ার সঙ্গেও কথা বলবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসকে/২১৪১ঘ.