২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এই হত্যাযজ্ঞ পুরোপুরি পরিকল্পিত'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, বিডিআর বিদ্রোহের অবসানে তার সরকার নিরাপরাধ হাজার হাজার বেসামরিক মানুষের জীবন বাঁচানোর ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। তিনি বলেন, "এই হত্যাযজ্ঞ ছিলো পুরোপুরি পূর্বপরিকল্পিত।" (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, বিডিআর বিদ্রোহের অবসানে তার সরকার নিরাপরাধ হাজার হাজার বেসামরিক মানুষের জীবন বাঁচানোর ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। তিনি বলেন, "এই হত্যাযজ্ঞ ছিলো পুরোপুরি পূর্বপরিকল্পিত।" গত ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় সাধারণ ক্ষমা ঘোষণা 'সরকারের কৌশলগত বিরাট ভুল' ছিলো বলে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার মন্তব্য নাকচ করেছেন তিনি। "আমি নিজে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলাম.....আমি ভাবলাম জীবন বাঁচাতে, পরিবারের সদস্যদের বাঁচাতে, সৈন্যদের বাঁচাতে আমি যে কারো সঙ্গে কথা বলবো।" বুধবার বিডিআর বিদ্রোহ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই বিদ্রোহী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হাসিনা জানান, তিনি তাদের বলেছিলেন,"তোমাদেরকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে, জিম্মিদের মুক্তি দিতে হবে, অফিসারদের মুক্তি দিতে হবে।" "আর এ কারণেই এসব পরিবার বেঁচে গেছে...এই ছোট্ট শিশুরা বেঁচে গেছে।..আমরা আর কি করতে পারতাম?" তিনি বলেন, "এত অল্প সময়ের মধ্যে আমরা এমন এক বিদ্রোহ ও জিম্মি সঙ্কটের অবসান করতে পেরেছি যা নজিরবিহীন।" 'তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করার জন্য যারা গাড়ি, নৌকার ব্যবস্থা করে দিয়েছে' তাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, "যেহেতু তদন্ত চলছে, তাই আমি এখন কিছু বলতে চাই না।" জেনারেল শাকিলের সঙ্গে ফোনালাপ নিহত বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে তার ফোনে কথা হয়েছিল বলে এই প্রথমবারের মতো হাসিনা জানালেন। তিনি তাকে ব্যক্তিগতভাবেও চিনতেন বলে জনান। "জেনারেল শাকিল আমাকে বলেছিল: 'আমাদের ওপর আক্রমন হচ্ছে, গুলি হচ্ছে।' সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। এরপর কয়েকবার ফোন করি, কিন্তু পাইনি।" তিনি বিডিআর বিদ্রোহের ঘটনার বর্ণনা দেন এবং কী কী পদক্ষেপ নেন তা তুলে ধরেন। "সকাল নয়টা ২৬ কিংবা ২৭ মিনিটের দিকে আমার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী আমাকে ঘটনা জানালেন। তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন। আমিও সেনাপ্রধানের সঙ্গে কথা বলি। "বললাম সেনারা আসতে কতক্ষণ লাগবে? তারা জানাল এক থেকে দুই ঘন্টা লাগতে পারে। কারণ প্রস্তুতির বিষয় আছে। "এরপর বিমান বাহিনী ও র‌্যাবকেও বলি। র‌্যাব আসতে একটু দেরী হয়েছে। কারণ তারা নাকি যানজটে আটকা পড়েছিল।" হত্যাকারীদের কোন ক্ষমা নয় প্রধানমন্ত্রী বলেন, "অপরাধীদের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হবে। ইতোমধ্যে বিশেষ টাইব্যুনাল গঠন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।" তিনি বলেন, "যারা হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট করেছে তারা সাধারণ ক্ষমার আওতায় পড়বে না। আমরা হত্যাকারীদের ছেড়ে দেইনা। "হত্যাকারীদের বিচার না করার রেকর্ড আছে তাদের। "তার স্বামী (প্রয়াত প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান) হত্যাকারীদের (১৯৭৫ সালের ১৫ আগস্টের) বিচার করেনি। বরং তিনি হত্যাকারীদের পুরস্কৃত করেছেন। তাদেরকে বিদেশে বাংলাদেশ মিশনে চাকুরী দিয়েছেন।" হাসিনা বলেন, "প্রশ্ন উঠতে পারে, তাই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি বাদ দিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সেখানে সেনাবাহিনী, বিমানবাহিনী, র‌্যাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সবাই থাকবে।" অতীত হত্যাকান্ড বাংলাদেশের ইতিহাসে গত ৩৮ বছরে ২১ টি অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে হাসিনা প্রশ্ন রাখেন- "১৯৭৭ সালে কি ঘটেছিলো? কতজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছিলো?" তিনি বলেন, "একটি ঘটনায় ফাঁসিতে ঝুলিয়ে বিমানবাহিনীর ৫৬৫ জন অফিসারকে হত্যা করা হয়েছিলো। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নিয়েছিলেন তাদের অনেকেই নিহত হয়েছেন।" যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সহায়তা কামনা প্রধানমন্ত্রী সংসদে আরো বলেন, বিডিআর সদরদপ্তরে হত্যাযজ্ঞের তদন্তে তিনি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সহায়তা চেয়েছেন। ওই ঘটনার তদন্তে সাহায্যের জন্য তিনি একজন উর্দ্ধতন মার্কিন কর্মকর্তার কাছে সহায়তা চান বলে জানান । প্রধানমন্ত্রী বলেন, "আজ (রোববার) আমার সঙ্গে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের কথা হয়েছে। আমি তাকে বলেছি, ওই ঘটনার তদন্তে আমি এফবিআইয়ের সহায়তা চাই। "এ ব্যাপারে আমি যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডেরও সহায়তা চাই, এবং ইতোমধ্যে আমি জাতিসংঘের সহায়তা চেয়েছি।" কোনো উস্কানি নয় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, অন্যান্য সব প্রতিষ্ঠান যেমন সশস্ত্র বাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার, ভিডিপিতে শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি বলেন, "কোন উস্কানিতেই তারা পাল্টা কিছু করে বসবে না। এই ঘটনা থেকে তারা অবশ্যই শিক্ষা নেবে। "যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় তাদের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে।" ঘটনার সময় বিডিআর সদরদপ্তরের আশপাশে বিদ্রোহী জওয়ানদের পক্ষে মিছিল করার ঘটনায় বিরোধীদলের হাত থাকার ইঙ্গিত করে হাসিনা বলেন, "ঘটনার সময় 'সিপাহী-জনতা ভাই ভাই' বলে মিছিল করা হলো। "কারা সেই মিছিল করলো আমার কাছে খবর আছে। বিরোধী দল অস্বীকার করতে পারবে না যে এটা তাদের মিছিল নয়। তাদের হাজারীবাগ ও মতিঝিলের র্কর্মী-সমর্থকরা ছিলো। তারা বিডিআরকে সাবাশ দিয়েছে।" বিএনপি চেয়ারপার্সন সহযোগিতা করতে চেয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী তাকে আহ্বান জানাননি-বিরোধী দলীয় নেতা ও সাংসদদের এ অভিযোগ খন্ডন করে শেখ হাসিনা বলেন," এরকম সঙ্কটের সময় দাওয়াত দেওয়ার সময় নয়। এটা আমার ছেলে বা মেয়ের বিয়েও নয়, গোটা জাতির জন্য সঙ্কটময় মুহূর্ত।" বিরোধী দলীয় নেত্রী ঔ দুদিন বাসায় ছিলেন না উল্লেখ করে প্রধান মন্ত্রী আরো বলেন, "তাকে ফোন করে বাসায় পাইনি। তিনি একটি কালো কাঁচের গাড়ীতে কোথায় যেন গিয়েছিলেন। দুই রাত বাসায় ছিলেন না। গোয়েন্দাদের সঙ্গে আলাপ করে জেনেছি।" পরিস্থিতি নিয়ন্ত্রণে জুনিয়র মন্ত্রীদের পাঠানো হয়েছিল-খালেদা জিয়ার এ বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন," ৫৫ বছর ( স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নানক) এবং ৬৫ বছর ( স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন) বয়সেও যদি কেউ জুনিয়র হয়, তাহলে আজকের বিরোধীদলীয় নেত্রীও কিন্তু জুনিয়র বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।" বিদ্রোহে নিহতদের স্বরণে স্মৃতিস্তম্ভ বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী সংসদে বলেন, "নিহতদের সবার নাম এতে উৎকীর্ণ থাকবে।" তিনি জানান, সেনাবাহিনীর পাঁচ লাখ টাকা অর্থসাহায্যের বাইরেও নিহতদের পরিবার ১০ লাখ টাকা করে সরকারের কাছ থেকে অর্থসাহায্য পাবে। নিহতদের সন্তানদের ক্যাডেট কলেজে বিনা পয়সা পড়াশোনাসহ অন্যান্য ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করা হবে। সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রোববার সেনাকুঞ্জে সেনা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি তাদের কথা শুনতে চেয়েছেন। ঢাকা সেনানিবাসে তার যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন," আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমি প্রধানমন্ত্রী, আমি প্রতিরক্ষামন্ত্রী,আমি জাতির জনকের কন্যা....আমি তাদের বলেছি আমি আপনাদের কথা শুনবো।" সেনানিবাসে সেনা কর্মকর্তাদের কাছ থেকে তিনি কী কী শুনেছেন তা প্রকাশ করেননি। তবে শেখ হাসিনা বলেছেন, "আমি সেখানে যা শুনেছি সংসদে তাই প্রতিধ্বনিত হচ্ছে।" বিডিনিউজ ২৪ ডটকম ডটকম/বিডি/এমএ/এসকে/এএনএস/এইচএ/০৩০০ঘ.