ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- চারদলীয় জোট সরকারের আমলে বাদ পড়া ১০ বিচারপতিকে স্থায়ী নিয়োগের হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানাচ্ছেন অমিত তালুকদার।
সোমবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কর্মরত ২৯ বিচারপতির দায়ের করা লিভ টু আপিল পাঁচ দফা নির্দেশনা দিয়ে নিষ্পত্তি করে।
এই রায়ের ফলে বাদ পড়া ১০ বিচারপতিকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের বাধা দূর হল। তবে জ্যেষ্ঠতার বিষয়টি স্থায়ী বিচারপতি হিসেবে তাদের শপথের পর থেকে বিবেচিত হবে বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন।
সুপ্রিম কোর্ট রায়ের পাচঁ দফা নির্দেশনায় বলা হয়, "১. প্রধান বিচারপতির পরামর্শের ভিত্তিতে বিচারপতি নিয়োগ সাংবিধানিক রেওয়াজ।
"২. এই রেওয়াজ আমাদের সাংবিধানিক রীতি হিসেবে গ্রন্থিত এবং আইনের শাসনের অংশ।
"৩. বিচারপতি নিয়োগের জন্য বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির পরামর্শ প্রাধান্য পাবে। তবে তাদের যোগ্যতা ও উপযুক্ততা বাছাইয়ের ক্ষেত্রে নির্বাহী বিভাগের মতামতও নেওয়া হবে।
"৪. সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদের আলোকে নিয়োগের ক্ষেত্রে বিচারপতিরা শপথের দিন থেকে কার্যভার গ্রহণ করবে।
"৫. উপরের অভিমতের আলোকে বিচারপতি আব্দুস সালাম, মমতাজ উদ্দিন আহমেদ, সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, আবদুল হাই ও নিজামুল হক নাসিমের স্থায়ী নিয়োগের বিষয়টি বিবেচিত হবে।"
রায়ের পরপরই বাদ পড়া ১০ বিচারপতির প্রধান কৌঁসুলি ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতে সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের সাংবিধানিক প্রথা এই রায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল। বাদ পড়া ১০ বিচারপতি এখন স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
অপর কৌঁসুলি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২৯ বিচারপতির করা লিভ টু আপিল মঞ্জুর করেনি সুপ্রিম কোর্ট। এখন বাদ পড়া ১০ বিচারপতিকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিতে সরকারের আর কোন বাধা নেই।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বাদ পড়া ১০ বিচারপতিকে স্থায়ী নিয়োগের হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। এখন তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যাবে।
কর্মরত ২৯ বিচারপতির প্রধান কৌঁসুলি টি এইচ খানও রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বাদ পড়া ১০ বিচারপতিকে স্থায়ী নিয়োগের পাশাপাশি জ্যেষ্ঠতাও দিয়েছিল হাইর্কোর্ট। আপিল বিভাগ তাদেরকে জ্যেষ্ঠতা দেয়নি। তিনি বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির পরামর্শ নেওয়ার রায়কে স্বাগত জানান।
তাদের অপর কৌঁসুলি ব্যারিস্টার মওদুদ আহমেদও রায়কে স্বাগত জানিয়ে বলেন, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের ভিত্তিতে বিচারপতি নিয়োগের সাংবিধানিক প্রথা সমুন্নত রেখে আপিল বিভাগ রায় দিয়েছে।
বাদ পড়া বিচারপতি ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত। ন্যায়বিচার পেয়েছি।"
বাদ পড়া ১০ বিচারপতির পক্ষে রিটকারী অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান বলেন, হাইকোর্টের রায়ের আলোকে এই বিচারপতিদের স্থায়ী নিয়োগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে স্থায়ী নিয়োগ পাওয়ার পর শপথের দিন থেকে তাদের জেষ্ঠতা ধরা হবে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২৯ কর্মরত বিচারপতি লিভ টু আপিলের ওপর শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান। বাদ পড়া দশ বিচারপতির পঙ্গে বক্তব্য রাখেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। সরকার পক্ষে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত বছর ২৯ জুলাই আপিল বিভাগ বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার ও কর্মরত ১৯ বিচারপতির আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ বিচারপতিকে নিয়োগের হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছিল। পরে আরো দশ কর্মরত বিচারপতি লিভ টু আপিলে পক্ষভুক্ত হন।
গত ১৭ জুলাই বিগত চারদলীয় জোট সরকারের আমলে বাদ পড়া ১০ বিচারপতিকে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
হাইকোর্ট তার রায়ে বিচারপতি আব্দুস সালাম, মমতাজ উদ্দিন আহমেদ, সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আবদুল হাই ও নিজামুল হক নাসিমকে স্থায়ীভাবে নিয়োগের নির্দেশ দেয়।
পাশাপাশি এই ১০ বিচারপতিকে তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের সময় থেকে জ্যেষ্ঠতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
তবে তাদের বাদ পড়ার পর থেকে হাইকোর্টের আদেশে স্থায়ী নিয়োগ না পাওয়া পর্যন্ত সময়টুকু 'বিনা বেতনে বিশেষ ছুটি' হিসেবে গণ্য করা হবে।
রায়ে হাইকোর্ট এই ১০ বিচারপতিকে বাদ দেওয়াকে অবৈধ ঘোষণা করে।
বিডিনিউজ ২৪ ডটকম /এটি/এজে/জিএনএ/১২১৫ ঘ.
bdnews24