২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে রড বোঝাই ট্রাক ছিনতাই, চালক গ্রেপ্তার

সাভারের ব্যাংক টাউন এলাকার বাস স্ট্যান্ড থেকে ১৪ টন রড বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার রিয়াদ এন্টারপ্রাইজ থেকে রড নিয়ে ট্রাকটি বগুড়া যাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

সাভার, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - সাভারের ব্যাংক টাউন এলাকার বাস স্ট্যান্ড থেকে ১৪ টন রড বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার রিয়াদ এন্টারপ্রাইজ থেকে রড নিয়ে ট্রাকটি বগুড়া যাচ্ছিল। রোববার দুপুরে প্রতিষ্ঠানটির মালিক এস আলমগীর সাভার থানায় ট্রাক চালক মনিরুল ইসলাম ও তার সহকারী আলমকে আসামি করে একটি মামলা করেছেন। মামলা দায়েরের সময় উপস্থিত চালককে আটক করা হলেও তার সহকারীকে এখন পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল আলম জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার রিয়াদ এন্টারপ্রাইজ থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১৪-১২৫৯) ভর্তি ১৪ টন রড নিয়ে শনিবার রাতে বগুড়া যাচ্ছিল। রাত পৌনে ২টার দিকে ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন স্ট্যান্ডের কাছে পৌঁছালে একটি খালি ট্রাক দিয়ে এর গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে তারা রড বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ওসি বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "ছিনতাইয়ের বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। গ্রেপ্তারকৃত ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসতে পারে।" বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৪ ঘ.