ঢাকা,মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- সরকার পুলিশের কর্মকর্তা ও সাধারণ সদস্যদের মধ্যে রেশন বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশের সাধারণ কনস্টেবল ও মহাপরিদর্শক একই হারে রেশন পাবেন।
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এটি কার্যকর হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার অভাবের যুক্তি দেখিয়ে বিডিআর বিদ্রোহের রেশ কাটতে না কাটতেই এ উদ্যোগ নেওয়া হল।
এতে বছরে সরকারের ব্যয় বাড়বে প্রায় ৩০ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয় থেকে পুলিশ বাহিনীর রেশন বৈষম্য দূর করে রোববার এ বিষয়ে এক আদেশ জারি করা হয়েছে।
এতে এক সদস্য থেকে চার সদস্য বিশিষ্ট পরিবারের জন্য রেশনের চারটি স্তর নির্ধারণ করা হয়েছে। তবে কিছুতেই একই পরিবারের জন্য চারজনের বেশি সদস্য রেশন সুবিধা পাবেন না।
আদেশে বলা হয়েছে, এক সদস্যের পরিবারের জন্য মাসে ১১ কেজি চাল, ১২ কেজি আটা, পৌনে দুই কেজি চিনি, দুই দশমিক ৫০ লিটার ভোজ্য তেল, সাড়ে তিন কেজি ডাল ও সাড়ে ৩৭ কেজি জ্বালানি কাঠ বরাদ্দ থাকবে। দুই সদস্য বিশিষ্ট পরিবারের জন্য এক্ষেত্রে মাসে ২০ কেজি চাল, ২০ কেজি আটা, তিন কেজি চিনি, সাড়ে চার ৫০ লিটার ভোজ্য তেল, সাড়ে পাঁচ কেজি ডাল ও প্রয়োজন মাফিক জ্বালানি কাঠ বরাদ্দ করা হবে।
তিন সদস্যের পরিবারের জন্য এর পরিমাণ আরো বাড়বে। এক্ষেত্রে মাসে ৩০ কেজি চাল, ২৫ কেজি আটা, চার কেজি চিনি, ছয় লিটার ভোজ্য তেল ও সাত কেজি ডাল এবং প্রয়োজন মাফিক জ্বালানি কাঠ বরাদ্দ করা হবে। চার সদস্য বিশিষ্ট পরিবারের জন্য মাসে বরাদ্দ থাকবে ৩৫ কেজি চাল, ৩০ কেজি আটা, পাঁচ কেজি চিনি, আট লিটার ভোজ্য তেল, আট কেজি ডাল ও প্রয়োজন মাফিক জ্বালানি কাঠ ।
নতুন এ আদেশের ফলে এখন থেকে পুলিশের মহাপরিদর্শক থেকে সাধারণ কনস্টবল পর্যন্ত একই হারে রেশন সুবিধা পাবেন। এর আগে পুলিশে দুই ধরণের রেশনিং ব্যবস্থা প্রচলিত ছিল। মহাপরিদর্শক থেকে গেজেটেড পরিদর্শক পর্যন্ত এক ধাপ এবং উপ-পরিদর্শক (এসআই) থেকে সাধারণ কনস্টবল পর্যন্ত অন্য ধাপ ছিল।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বরাদ্দ বাড়ানোর ফলে উপ-পরিদর্শক (এসআই) থেকে সাধারণ কনস্টেবল পর্যন্ত পুলিশ সদস্যদের জন্য সরকারের ব্যয় বাড়বে প্রায় ৩০ কোটি টাকা। এর আগে এ খাতে মোট ব্যয় ছিল ১৫২ কোটি টাকা যা এখন ১৮২ কোটিতে দাঁড়াবে।
পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে উপ-পরিদর্শক (এসআই) থেকে সাধারণ কনস্টবল পর্যন্ত এক সদস্যের পরিবারের জন্য মাসে ২০ কেজি চাল, আট কেজি আটা, এক কেজি চিনি, দুই লিটার ভোজ্য তেল ও আধা কেজি ডাল বরাদ্দ ছিল। চার সদস্য বিশিষ্ট পরিবারের জন্য মাসে ২০ কেজি চাল, ২৫ কেজি আটা, দুই কেজি চিনি, চার লিটার ভোজ্য তেল ও আট কেজি ডাল বরাদ্দ ছিল।
বিডিনিউজ২৪ডটকম/এমকে/এসকে/২০৪৮ঘ.
bdnews24