ঢাকা, ১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পিলখানায় ২৫ ও ২৬ ফেব্র"য়ারিতে সংঘটিত ঘটনায় সহস্রাধিক বিডিআর সদস্যকে অভিযুক্ত করে লালবাগ থানায় শনিবার রাতে একটি মামলা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করে ৬ জন এবং অজ্ঞাতনামা সহস্রাধিক বিডিআর সদস্যদের বিরুদ্ধে হত্যা, লুটপাট, লাশগুমসহ বিভিন্ন অভিযোগে এই মামলা করা হয়।
মামলায় বলা হয়েছে, "ডিএডি তৌহিদুল আলমের নেতৃত্বে বিডিআর সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র দ্বারা গুলিবর্ষণের মাধ্যমে হত্যা, গুরুতর জখম, অবৈধ আটক, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ গুম এবং গ্রেনেড বিষ্ফোরণ ঘটিয়ে সম্পদের ক্ষতি সাধন করেছে।"
নামোল্লেখিত অভিযুক্তরা হলেন, ডিএডি তৌহিদুল আলম, ডিএডি নাসির উদ্দিন খান, ডিএডি মীর্জা হাবিবুর রহমান, সৈনিক আব্দুর রহিম, ডিএডি জলিল এবং সৈনিক সেলিম।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নব জ্যোতিখিসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বাদি হয়ে শনিবার রাত সাড়ে ১১টায় এই মামলা করেন। প্রাথমিক তদন্তে এদের নাম এসেছে।
কিনি বলেন, "ঘটনার সঙ্গে আরো ডিএডি জড়িত থাকতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, মামলায় যাদের নাম বলা হয়েছে তারা বর্তমানে তার হেফাজতে নেই। তবে বিভিন্ন জায়গায় গ্রেপ্তারকৃতদের মধ্যে তাদের খোঁজ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জিএনএ/১৫৩৬ ঘ.
bdnews24