২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি বিশেষ কিছুই পায়নি

বসুন্ধরায় গত ১৩ মার্চের অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করার জন্য সরকার গঠিত তদন্ত কমিটি বিশেষ কিছুই বের করতে পারেনি। এখন তারা আরো ব্যাপক তদন্তের জন্য জন্য পুলিশের কোন সংস্থাকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করতে পারে বলে জানা গেছে। তবে বসুন্ধরা কর্তৃপক্ষের 'গাফিলতির' কারণেই আগুন ছড়িয়ে পড়ে এমন প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরায় গত ১৩ মার্চের অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করার জন্য সরকার গঠিত তদন্ত কমিটি বিশেষ কিছুই বের করতে পারেনি। এখন তারা আরো ব্যাপক তদন্তের জন্য জন্য পুলিশের কোন সংস্থাকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করতে পারে বলে জানা গেছে। তবে বসুন্ধরা কর্তৃপক্ষের 'গাফিলতির' কারণেই আগুন ছড়িয়ে পড়ে এমন প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সাত কর্মদিবসের জন্য গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির মেয়াদ সোমবার শেষ হবে। এই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) ইকবাল খান চৌধুরী রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করতে অনেক সময়ের প্রয়োজন। বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করার পরেও এর কারণ বা সূত্র জানা যায়নি। এ ব্যাপারে সময় নিয়ে কাজ করতে হবে। এজন্য তদন্ত কমিটি পুলিশের সিআইডির মতো সংস্থাকে তদন্ত করার সুপারিশ করতে পারে।" ওই কর্মকর্তা আরো জানান, সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটি নাশকতার কোন প্রমাণ পায়নি। তিনি বলেন, "যে তলায় সাধারণ মানুষের জমির দলিল বা দেনা-পাওনার হিসাব রয়েছে সে তলাটির কোন ক্ষতি হয়নি। নাশকতা হলে এই তলাটির ক্ষতি হতো।" সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, এটা প্রমাণিত যে বসুন্ধরা গ্র"পের গাফিলতির কারণে আগুনের বিস্তৃতি ঘটেছে। পর্যাপ্ত আধুনিক ব্যবস্থা থাকলেও বসুন্ধরার সংশ্লিষ্ট লোকজন সে ব্যাপারে চরম গাফিলতির পরিচয় দিয়েছে। তিনি বলেন, শুধু পানির লাইনটি চালু করে দিলেও তলাগুলোর মেঝে পানিতে থৈথৈ করতো। এতে আগুন বাড়তে বাধা পেতো। কর্মকর্তা জানান, তদন্তে এমনও জানা গেছে যে আগুন লাগার পর অ্যালার্ম বেজে ওঠার পর কি হয়েছে তা দেখে আসার জন্য একজনকে ওপরে পাঠান হয়েছিল। কিছুক্ষণ পর সে ঘুরে এসে জানিয়েছে চাবি নিয়ে যায়নি। এই মধ্যে অনেক সময় গড়িয়ে গেছে এবং আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। কর্মকর্তা আরো বলেন, "সেখানে একটি বিশেষ লিফট আছে যা বিদ্যুৎ ছাড়াও স্বয়ংক্রিয়ভাবে চলাচল করে। আগুন লাগলেও সে লিফট দিয়ে ওঠানামা করা যায়। কিন্তু এতবড় একটি জিনিষ সেখানে থাকলেও লিফটম্যান বা অগ্নিনির্বাপণ কর্মচারীরাও এ সম্পর্কে কিছুই জানতো না।" বসুন্ধরা সিটির ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬টি তলা পুড়ে যায় এবং ৭ জনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১৩১ঘ.