২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ পরমাণু বিশেষজ্ঞরা শিগগিরই বাংলাদেশ সফরে আসছে

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তার প্রস্তাবের প্রেক্ষাপটে রুশ বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসছে। ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত গেন্নাদি পি ট্রটসেনকো রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 06:56 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তার প্রস্তাবের প্রেক্ষাপটে রুশ বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসছে। ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত গেন্নাদি পি ট্রটসেনকো রোববার একথা জানিয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, "একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশকে সহায়তার প্রচেষ্টায় রাশিয়া আন্তরিক। একটি রুশ প্রতিনিধিদল খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসতে পারে।" তিনি বলেন, "সবকিছু ঠিকঠাক মতো ও দ্রুতগতিতে এগুলে আমরা খুব শিগগিরই সুনির্দিষ্ট ফলাফল আশা করতে পারি। অদূর ভবিষ্যতেই আমরা প্রকল্পের বাস্তবায়ন শুরু করতে পারি।" প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান জানান, রাশিয়া, চীন ও কোরিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশকে সাহায্যের প্রস্তাব দিয়েছে। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, " রাশিয়া, চীন ও কোরিয়া এব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ভারতও বলেছে তারা আমাদের সাহায্য করবে।" ইয়াফেস ওসমান জানান, এ দেশগুলো প্রস্তাবিত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, "রুশ রাষ্ট্রদূত এখানে এসেছিলেন ওই প্রস্তাবের ফলোআপ করার জন্য। এটি দ্বিতীয় বৈঠক। "আশা করি যেকোনো উপায়ে আমরা এটি করতে সক্ষম হবো।আমরা সর্বোত্তম প্রস্তাব গ্রহণ করবো। আমরা রাশিয়ার প্রস্তাব খতিয়ে দেখবো" তিনি রাশিয়ার বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাবের সত্যতাও নিশ্চিত করেন। এ মাসের শেষ নাগাদ এ বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফরে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/বিডি/এইচএ/০০৪৯ঘ.