২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়া-কুয়াকাটা সড়ক ২০ ঘণ্টা বন্ধ

কলাপাড়া-কুয়াকাটা সড়ক ২০ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার দুপুরে আবার চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

পটুয়াখালী, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলাপাড়া-কুয়াকাটা সড়ক ২০ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার দুপুরে আবার চালু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে তরমুজ বোঝাই একটি ট্রাক সড়কের গর্তে আটকে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় কলাপাড়া থানা পুলিশ ট্রাকটি সরানোর পর সোমবার দুপুর ১২টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়। কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, তরমুজ বোঝাই একটি ট্রাক কলাপাড়া-কুয়াকাটা সড়কের হলাদিয়া এলাকায় গর্তে আটকে যায়। এতে কুয়াকাটার সঙ্গে পটুয়াখালীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তার দু'পাশে শতাধিক পর্যটকবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। রোববার বিকেল থেকে কলাপাড়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রাস্তার গর্তে আটকে যাওয়া ট্রাকটি উদ্ধারের কাজ শুরু করে। সোমবার দুপুর ১২টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এসআই লুৎফর জানান, রাস্তার অবস্থা খুবই খারাপ। ছোট ছোট যানবাহন চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর বৃষ্টি শুরু হলে তো বড় যানবাহনও চলতে পারবে না। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান জানান, কলাপাড়া-কুয়াকাটা সড়কের ২২ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত জায়গা জুড়ে গর্তের সৃষ্টি হয়েছে। রোববার রাতে এক পশলা বৃষ্টিতে এ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষা মৌসুমে সড়কটি বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৭ ঘ.