ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাসেরও বেশি সময়ে রাষ্ট্রপক্ষ শুনানির প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় অভিযোগ গঠন আরো এক দফা পেছালো।
সোমবার দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের জন্য রাষ্ট্রপক্ষে মহানগর পিপি আবদুল্লাহ আবু আরো এক মাস সময় চান। বিচারক এএনএম বশির উল্লাহ সে আবেদন মঞ্জুর করে আগামী ১৬ এপ্রিল তৃতীয়বারের মতো অভিযোগ গঠনের দিন রাখেন।
এই দুই মামলার আসামী মুফতি আ. হান্নান, আরিফ হাসান সুমন ওরফে আ. রাজ্জাক, শাহাদাৎ উল্লাহ জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আ. রউফকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
জামিনপ্রাপ্ত অন্য আসামী মাওলানা আকবর হোসেন ওরফে হেলাল উদ্দিন আদালতে হাজিরা দেন। বাকী ৮ আসামী পলাতক রয়েছেন।
এ ঘটনায় দায়ের করা দুই মামলায় অভিযুক্ত শাহাদাৎ উল্লাহ জুয়েলের আইনজীবী মো. মোর্শেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় সাড়ে তিনমাস আগে এ দুই মামলা বিচারের জন্য এ আদালতে বদলি হয়েছে। কিন্তু এখনো অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায়নি। এর সুবিধা অভিযুক্তরা পাবেন উচ্চ আদালত থেকে।"
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। ঐ ঘটনায় ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
২০০৮ সালের ২৯ নভেম্বর ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডি দুইটি অভিযোগপত্র দাখিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এসকে/১৮৫৪ঘ.
bdnews24