নেত্রকোনা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার ঝাউশী এলাকায় নেত্রকোনা-ঢাকা মহাসড়কে চার বাসের সংঘর্ষে দু'জন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছেন।
দুঘর্টনার কারণে ঢাকা-নেত্রকোনা মহাসড়কে দুপুর ১২টা থেকে প্রায় তিনঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
নিহতদের একজন হলেন বাস চালক শরীফ। অপরজনের পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নেত্রকোনা সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে আছেন- মঞ্জুরুল হক (৩২), মঞ্জিল মিয়া (১৭), দুলাল (২২), রোজী আক্তার (৪০), রফিকুল ইসলাম (১৭), খায়রুল (১৭), এনামুল (২৭), শামীম (৩০), কামরুল (৩২), মজিদ (৩০), বীরেন্দ্র তালুকদার (৪০), মিলন কান্তি দে (৩৫), কামাল (৩৭), শেখ শরীফ (২৩), আব্দুল মজিদ (২৪), সুমন (৩১), শাহজাহান (২২), আজিজুল হক (২২), বুশরা (৫), মোকসেদুর রহমান (৩৮), আবুল হোসেন (৫২), বাদল (৩৩), মাসুম (৩০), আরিফ (২৯), মমিন (১৮), মহিউদ্দিন (৩২), বকুল মিয়া (৩১), সাবিনা (৩), ওসমান গনি (৪০) ও বাচ্চু মিয়া (৫০)।
অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি বাস দুপুর ১২টার দিকে সদর উপজেলার ঝাউশী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর দু'দিক দুটি বাস এসে ওই বাস দুটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।
নেত্রকোনা জেলা প্রশাসক মো. নুরুল আমীন, পুলিশ সুপার মোর্শেদুল আনোয়ার খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১০ ঘ.
bdnews24