মাগুরা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার শালিখা উপজেলার সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনায় ১০ ছাত্র আহত হয়েছে।
এ ঘটনায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে।
প্রত্যক্ষদর্শী মিল্টন মণ্ডলসহ একাধিক ব্যক্তি জানান, আব্দুল হাই নামে এক ব্যক্তিকে এ বিদ্যালয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে অবৈধভাবে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় দুপুর ১২টার দিকে ছাত্ররা প্রতিবাদে মুখর হয়ে ওঠে। এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা তাদের ওপর চড়াও হলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধান শিক্ষক নজরুল ইসলাম পুলিশে খবর দেন। পুলিশ ঘটনা স্থলে এসে ছাত্রদের লাঠিপেটা করে। ছাত্ররাও পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে।
এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চার রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে প্রিন্স, নাহিদ, মেহেদী হাসান, বাহারুলসহ ১০ ছাত্র আহত হয়। এদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যালয়টিতে ছোটখাট একটা ঘটনার কথা আমি শুনেছি। তবে ছাত্র সংঘর্ষ বা ফাঁকা গুলি ছোড়ার বিষয়ে বিস্তারিত কিছু জানি না। এ ব্যাপারে ওসি সাহেব ভাল বলতে পারবেন।"
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত সংঘর্ষ ও ফাঁকা গুলি ছোড়ার সত্যতা স্বীকার করে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তখন শত শত ছাত্র পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। তবে এতে কোন হতাহত হয়নি।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ অস্বীকার করেছেন।
ছাত্রদের বিক্ষোভ ও পুলিশের লাঠিপেটা, ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপের বিষয়টিকে সামান্য ঘটনা হিসেবে অভিহিত করে তিনি বলেন, "ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বসে বিষয়টি দ্রুত সুরাহা করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।"
বিদ্যালয়ে পুলিশ মোতায়েন আছে বলেও প্রধান শিক্ষক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24