ঢাকা, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহায়তায় বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের থাইল্যান্ডে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছেন বাংলাদেশে নিযুক্ত থাই-রাষ্ট্রদূত চালের্মপোল থানচিত।
সোমবার সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কার্যালয়ে মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন। এ সময় জাতিসংঘ এফএও'র প্রতিনিধি এড স্পাইকার্সও উপস্থিত ছিলেন।
আগামী ২৬ থেকে ৩১ মার্চ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০তম সম্মেলন উপলক্ষে ওই দুই কর্মকর্তা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ওই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
সাক্ষাৎকালে দুই কর্মকর্তা মন্ত্রীর সঙ্গে এফএও'র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনের বিভিন্ন দিক ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
খাদ্যমন্ত্রী থাই রাষ্ট্রদূতকে জানান, সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি কৃষি, মৎস্য ও পোল্ট্রি শিল্পের অগ্রগতি এবং বিপণন ব্যবস্থা নিয়ে থাইল্যান্ডের মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান।
তিনি প্রতিবেশী দেশ হিসেবে থাইল্যান্ডকে বাংলাদেশের 'বিশ্বস্ত বন্ধু' হিসেবে উল্লেখ করে বলেন, দু'দেশের মধ্যে সম্পর্ক দীর্ঘ দিনের এবং দু'দেশের সাংস্কৃতিক ঐতিহ্যগত মিল রয়েছে।
মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে থাই সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
থাই রাষ্ট্রদূত খাদ্যমন্ত্রীর সফরকালে সেদেশের মন্ত্রীর সঙ্গে কৃষি উন্নয়ন বিষয়ে আলোচনা ও অন্যান্য কর্মসূচিতে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসকে/২০৪৪ঘ.
bdnews24