২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফরুলসহ শ্রমিকদল নেতাদের মুক্তি দাবি

জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসানসহ অন্যান্য নেতার মুক্তি দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 10:31 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসানসহ অন্যান্য নেতার মুক্তি দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান। তিনি দাবি করেন, নির্বাচিত সরকারের সময়ও তত্ত্বাবধায়ক সরকারের জারি করা জরুরি বিধিমালার মামলায় আসামিদের জামিন দেওয়া হচ্ছে না। মঙ্গলবার সকালে নয়া পল্টনে শ্রমিক দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম এ দাবি জানান। শ্রমিক নেতা জাফরুল হাসানকে একজন 'সৎ শ্রমিক নেতা' হিসেবে অভিহিত করে তিনি বলেন, ''তত্ত্বাবধায়ক সরকারের সময় অন্যায়ভাবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।" জাফরুল হাসান ও তার স্ত্রী উভয়ই করদাতা- এ দাবি করে নজরুল বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের কথিত জরুরি বিধিমালায় বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়েও আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে। নির্বাচিত সরকারের আমলে বিধিমালাটি বাতিল না হলে তা সুবিচারের পথে বাধা সৃষ্টি করবে।'' সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকারি দলের নিপীড়ন, শ্রমিক দলের শাখা কার্যালয় দখল এবং ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে 'ঢালাও বদলি'র সমালোচনা করে তিনি বলেন, ''এভাবে হয়রানি করে শান্তি আনা যাবে না। সরকারের দেওয়া কর্মসংস্থানের নির্বাচনী প্রতিশ্র"তিও বাস্তবায়ন হবে না। বরং বেকারত্ব বাড়বে।'' শ্রমিক দল নেতার অভিযোগ, জনতা ব্যাংক ও টঙ্গী ব্লেড কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিবিএ কার্যালয় এবং শ্রমিক দলের শাখা কার্যালয় সরকারি দলের সংগঠন দখল করে নিয়েছে। কৃষি ব্যাংক ও ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে 'গণবদলি' চলছে। তিনি দখল ও বদলি বন্ধের দাবি জানান। জাফরুল হাসান অসুস্থ- এ দাবি করে শ্রমিক দল সভাপতি বলেন, ''আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত করবো। তবে সরকার যেন রাজনৈতিক কারণে তার মুক্তিতে বাধা সৃষ্টি না করে।'' শ্রমিক দলের কারাবন্দি নেতা বি এম বাকির হোসেন ও ফিরোজ মিয়াসহ অন্যান্য নেতার মুক্তিও দাবি করেন তিনি। শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান রোববার ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমপর্ণ করেন। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। সম্পদের তথ্য গোপন করার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকার আমলে তার বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন-দুদক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর নেতা নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/জিএনএ/১৬৩১ ঘ.