ভোলা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোরট ডটকম)- ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও জিহাদি বইয়ের পর 'প্রশিক্ষক' রাসেলের কক্ষ থেকে বুধবার দুই বোতল এসিড উদ্ধার করেছে র্যাব।
বুধবার সকালে সাচরা ইউনিয়নের রাম বেশবপুর গ্রামের এই মাদ্রাসায় আবারো অভিযান শুরু করে র্যাব-৮-এর সদস্যরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চলে।
প্রথমেই পুকুরে জাল ফেলে অস্ত্র খোঁজা হয়। তবে কোন অস্ত্র পাওয়া যায়নি।
এছাড়া মাদ্রাসা কম্পাউন্ডের সব জায়গায় মাটির নিচে কিছু আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 'মেটাল ডিটেক্টর' দিয়ে পরীক্ষা করে দেখা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মামুন অর রশিদ। তিনি জানান, বুধবার সকালে গ্রেপ্তার রাসেলের কক্ষের টিনের চালের নিচের ছাদের ওপর থেকে দুই বোতল এসিড উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক চারজন তাদের হেফাজতে রয়েছেন। বুধবার রাতের মধ্যেই অস্ত্র ও গোলা-বারুদ এবং আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে এই মাদ্রাসা নিয়ে এলাকার মানুষের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে। লোকজনের ভিড় ক্রমেই বাড়ছে। তবে র্যাব ও পুলিশ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।
স্থানীয় বাসিন্দা মো. বশির ও জসিম জানান, মাদ্রাসার মধ্যে অস্ত্র থাকতে পারে বা অস্ত্র রাখা হয়, একথা তাদের কল্পনাতেই ছিল না।
তারা জানান, স্থানীয় কাউকে ভিতরে ঢুকতে দেয়া হতো না। ঢুকতে চাইলে মাদ্রাসার লোকজন বিভিন্ন কারণ দেখিয়ে পরে আসতে বলতো।
মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধারের পর পুরো ভোলা জেলায় পুলিশ রেড এলার্ট জারী করে।
মঙ্গলবার গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা থেকে ১১টি আগ্নেয়াস্ত্র, দুই হাজার রাউন্ড গুলি, বোমা তৈরি সরঞ্জাম ও জিহাদি বইসহ চারজনকে আটক করে র্যাব।
আটক চারজন হলেন মাদ্রাসার 'প্রশিক্ষক' রাসেল (৩০), তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) হামিদ (৩০), আবুল কালাম (৩২) ও জসিম (৩৫)।
গ্রিন ক্রিসেন্ট নামের লন্ডনভিত্তিক একটি বেসরকারি সংস্থা (এনজিও) ১২ একর জমির ওপর চার বছর আগে এই এতিমখানা ও মাদ্রাসা ভবন নির্মাণ করে। তিন মাস আগে চালু করা হয় প্রতিষ্ঠানটি।
বিডিনিউজ টোয়েন্টিফোরট ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিআর/২০৩৪ ঘ.
bdnews24