২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মাটি চাপায় ইটভাটার শ্রমিক নিহত

বান্দরবান সদর উপজেলার ছাইঙ্গ্যা এলাকায় ইটভাটায় কাজ করার সময় শনিবার সকালে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

বান্দরবান, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান সদর উপজেলার ছাইঙ্গ্যা এলাকায় ইটভাটায় কাজ করার সময় শনিবার সকালে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। নিহত সাবের আহমদ (৪৫) কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার হরিমণি পাড়ার ছিদ্দিক আহমদের ছেলে। আহতরা হলেন- আবুল হাসেম (২০), হোসাইন (৪৫), জয়নাল (৪৫), আবদুর রাজ্জাক (২৫), জমির উদ্দিন (২৫) ও গিয়াস উদ্দিন (২৫)। এদের সবাইকে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে হাসেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের বাড়ি পেকুয়া উপজেলায়। বান্দরবান সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাদেক জানান, ঝুড়িতে করে মাটি নেওয়ার সময় মাটির স্তুপ ধসে শ্রমিকরা চাপা পড়েন। ঘটনাস্থলে মারা যান একজন। খবর পেয়ে ক্যাচিংঘাটা পুলিশ ক্যাম্পের সদস্যরা ইটভাটার শ্রমিকদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি জানান, ইটভাটাটির মালিক আজিজ নামে এক ব্যক্তি। শ্রমিক হতাহতের ঘটনায় আজিজের সঙ্গে যোগাযোগ করে কথা বলা যায়নি। তবে তার ভাই মুহিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৩ ঘ.