মোর্শেদুর রহমান
দিনাজপুর প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
দিনাজপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলার ৩৪টি গ্রামে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। গত দু'বছর ধরেই এসব গ্রামের ঘরে ঘরে চলছে পানির এ সংকট।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপবিভাগীয় কার্যালয় দিনাজপুর-এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই দু' উপজেলার ৩৪টি গ্রামের নয় হাজার ৪৪০টি পরিবারের ৪৩ হাজার ৫৮৬ জন মানুষ পানির কষ্টে ভুগছে।"
এলাকা ঘুরে দেখা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ইউসুবপুর গ্রামে ১৪টি গভীল নলকূপ স্থাপন করেছে কর্তৃপক্ষ। এগুলোর মধ্যে অন্তত ৭/৮টি নলকূপ সার্বক্ষণিক চালু রাখতে হয়। প্রতি ঘণ্টায় উত্তোলন করতে হয় ২৫০০ মেট্রিক টন পানি।
এ কারণে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের নয়টি গ্রাম ও হামিদপুর ইউনিয়নের ১৭টি গ্রাম এবং ফুলবাড়ি উপজেলার শিবনগরের আটটি গ্রামের ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। এসব গ্রামে ৩০ ফুট-এর কম দৈর্ঘের পাইপ বসিয়ে নলকূপ দিয়ে পানি তোলা যাচ্ছে না।
হামিদপুর ইউনিয়নের ইউসুবপুর ও শেরপুর গ্রামের প্রিয়নাথ রায়, হাসনা বানু, আব্দুল মুন্নাব ও কোরবান আলী জানান, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর দুবছর ধরে বর্ষা মৌসুম ছাড়া সারা বছর গ্রামগুলোতে পানি থাকে না। গভীর নলকূপ থেকে খাবার পানি সংগ্রহ করে ২/৩ দিন মজুদ রেখে খেতে হয়। আর অন্যান্য সব কাজ করতে হয় বিদ্যুৎ কেন্দ্রের নালার পানি দিয়ে।
বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত পানি সাত কিলোমিটার দীর্ঘ নালার মাধ্যমে নদীতে ফেলা হয়। এতে রাসায়নিক দ্রব্য মিশ্রিত থাকায় দেখা দিয়েছে নানা চর্ম রোগ।
প্রিয়নাথ রায়, হাসনা বানু, আব্দুল মুন্নাব ও কোরবান আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে তাদের পরিবারের সবাই চর্ম রোগে ভুগছেন।
তারা জানান, নালার পানি ব্যবহারের পর থেকে তাদের চর্ম রোগ দেখা দিয়েছে।
বিশুদ্ধ পানির সংকট মেটাতে পানি উন্নয়ন বোর্ড প্রতি বাড়িতে গভীর নলকূপ থেকে পানি সরবরাহের জন্য প্রায় আড়াই মাস আগে দুশ' টাকার বিনিময়ে পাইপ লাইন সংযোগ দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত পানি সরবরাহ করা হচ্ছে না।
বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক পানি সংকটের বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্রুত পানি সমস্যা লাঘব করতে পানি উন্নয়ন বোর্ডকে তাগাদা দেওয়া হয়েছে।"
এক সপ্তাহের মধ্যে সংকট কেটে যাবে বলে তিনি আশা করেন।
নালার পানি ব্যবহার এবং তাতে চর্ম রোগের প্রাদুর্ভাবের বিষয়ে প্রকৌশলী আব্দুল মালেক বলেন, "বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহারের জন্য গভীর নলকূপ থেকে তোলা পানিতে এ্যামোনিয়া, সালফার ও ফসফেট মেশানো হয়। এ পানি সব সময় ব্যবহার করলে সমস্যা হতেই পারে।"
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দিনাজপুর উপবিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, গত ১৫ মার্চ ঢাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পেট্রোবাংলার প্রতিনিধিদের উপস্থিতিতে এ বিষয়ে উচ্চ পর্যায়ে একটি সভা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রামগুলোতে পাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়। শিগগিরই দরপত্র ডাকা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১১৪২ ঘ.
bdnews24