রাঙামাটি, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি সীমিত ও নিয়ন্ত্রণ করতে পারলেই প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়াম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি বলেন, "মামলা করে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়; প্রয়োজন সামাজিক সচেতনতার। সমাজের সব স্তর থেকে দুর্নীতি প্রতিরোধে জনমত গড়ে তুলতে হবে এবং জনগণকে দুর্নীতির বিষয়ে সচেতন করতে হবে।"
রোববার সকাল ১০টায় রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে 'দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান একথা বলেন।
তিনি বলেন, "আমাদের মূল উদ্দেশ্য সবাইকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা।"
হাসান মশহুদ বলেন, "রাঙামাটি সুন্দর ও নৈসর্গিক স্থান। এখানে দুর্নীতির কথা বলা সাজে না। তাই এ এলাকাকে দুর্নীতিমুক্ত রেখে দেশ থেকে দুর্নীতি উচ্ছেদের কথা ভাবতে হবে।"
জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ১০ উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এ কে দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জগৎ জ্যোতি চাকমা, দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মেজর জুলফিকার ও দুদকের উপ-পরিচালক মো. আফজাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২৬ ঘ.
bdnews24