২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মকর্তাদের বদলির কারণ 'ব্যর্থতা': প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের বদলির সপক্ষে নিজের যুক্তি তুলে ধরে বলেছেন, সরকারের প্রতিশ্রুতি এবং অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে এর প্রয়োজন ছিল। রোববার গণমাধ্যমের সম্পাদক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হওয়ায় অনেক কর্মকর্তাকে বদলি করতে হয়েছে। (সংশোধনীসহ সমন্বিত )

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 10:17 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের বদলির সপক্ষে নিজের যুক্তি তুলে ধরে বলেছেন, সরকারের প্রতিশ্রুতি এবং অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে এর প্রয়োজন ছিল। রোববার গণমাধ্যমের সম্পাদক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হওয়ায় অনেক কর্মকর্তাকে বদলি করতে হয়েছে। এমনকি বিডিআর হত্যাযজ্ঞের মতো জটিল পরিস্থিতিতেও এমন ব্যর্থতার ঘটনা ঘটেছে। ৮২ দিন আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমের সম্পাদক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে শেখ হাসিনার এটাই প্রথম মতবিনিময়। বিডিআরের ঘটনায় অনেকের পালিয়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "বিডিআরের ১নং ও ৫নং গেট পাহারা দেওয়াটাও কঠিন ছিল। পাশেই ঘনবসতি এলাকা। সেখানে সেনাবাহিনী পাঠানো সম্ভব ছিল না। পাঠালে ব্যাপক প্রাণহানি ঘটত। কেউই যাতে পালাতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে ডিএমপিকে নির্দেশ দেওয়া ছিল। কিন্তু সেখানে গাফিলতি ছিল।" তিনি বলেন, তদন্ত চলছে। তাই এ অবস্থায় বিস্তারিত বলবেন না। প্রধানমন্ত্রী বলেন, "ওই পাঁচ বছরে ১২শ' কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তাদের অনেকেই (বছরের পর বছর অলস বসে ছিলেন এবং) উপ-সচিব হিসেবে অবসরে যান।" একই সঙ্গে তিনি ২০০১ এবং ২০০৯ এর দুই দৃশ্যপটের তুলনামূলক বিশ্লেষণের আহ্বান জানান। হাসিনা বলেন, "মনে করার চেষ্টা করুন- কত জনকে কত দ্রুত এবং কোন পরিস্থিতিতে ওএসডি ও বদলি করা হয়েছিল। "শুধু বেসামরিক প্রশাসনেই নয়, সামরিক প্রশাসনেও।" ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা গ্রহণের সময় প্রশাসনে পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "এমনও ঘটেছিল বঙ্গভবন (শপথ) থেকে ফিরে এসে একজন কর্মকর্তা তার অফিসকক্ষ তালাবদ্ধ দেখতে পান। এমনকি তাকে তার ব্যক্তিগত জিনিসপত্র পর্যন্ত সরিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। "এ ধরনের কোনো ঘটনা এবার ঘটেনি।" গণমাধ্যমের সম্পাদক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৌনে তিন ঘণ্টার আলোচনার সময় সুষম শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক সংস্কার, নদী দূষণমুক্ত করা, রেডিও-টিভির লাইসেন্স পর্যালোচনা, সন্ত্রাস দমন এবং ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়সহ বিভিন্ন ইস্যু স্থান পায়। হাসিনা বলেন, "সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের কোনো ধর্ম ও ভৌগলিক সীমারেখা নেই। "আমাদের প্রচেষ্টা চলছে... আপনারাও চেষ্টা করুন। সবাই মিলে মোকাবিলা করতে হবে।" দৈনিক ইত্তেফাকের সম্পাদক রাহাত খান একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থার পক্ষে জোরাল যুক্তি তুলে ধরে বলেন, এর ফলে মাদ্রাসাগুলো জঙ্গিবাদের ঘাঁটিতে পরিণত হতে পারবে না। মাদ্রাসা শিক্ষকদের একটি বড় সংগঠনের নেতৃত্ব দানকারী দৈনিক ইনকিলাবের এ এম এম বাহাউদ্দিন প্রচলিত ব্যবস্থাকে সমর্থন করে বলেন, ইসলামি ছাত্রশিবির কর্মীরা মাদ্রাসায় পড়ে না। "(ওসামা) বিন লাদেন মাদ্রাসায় পড়েন নি। তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত। তার পুরো পরিবারই পাশ্চাত্যে শিক্ষিত।" এ সময় প্রধানমন্ত্রী বলেন, "স্বাক্ষরতার হার বাড়ানোর ক্ষেত্রে মাদ্রাসা বড় ভূমিকা রাখছে। কিন্তু এই ব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগী করতে হবে।" প্রধানমন্ত্রী বলেন, তিনি তার ছাত্রদের সবকিছুর জন্য দায়ি করবেন না। তবে তিনি স্বীকার করেন যে ছাত্রলীগের কিছু গ্র"প দলে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য 'নবাগতদের' দলে ভিড়িয়েছে। "কিছু লোক আছে যারা সব সময়ই সরকারি দলের... এবং কিছু কিছু ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগে আসা এসব নবাগত," বলেন প্রধানমন্ত্রী। এটিএন বাংলার সাইফুল বারী সরকারি কর্মকর্তাদের কাজের পরিধি ও প্রকৃতি পর্যালোচনার সুপারিশ করেন। তিনি সরকারের সিদ্ধান্ত গ্রহণের ধাপগুলো কমিয়ে আনারও পরামর্শ দেন। বিডিআর বিদ্রোহে ভাই হারানো এনটিভির এনায়েতুর রহমান বাপ্পি ওই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার প্রত্যাশা করেন। প্রধানমন্ত্রী যেভাবে ওই সংকটের সমাধান করেছেন তার প্রশংসাও করেন বাপ্পি। আলোচনার সময় প্রধানমন্ত্রী আরেকবার ২৫ ফেব্র"য়ারির সকালের সেই মর্মান্তিক ঘটনার ধারাবাহিক বর্ণনা দেন। হাসিনা বলেন, ঘটনার ঠিক আগের দিনই তাদের দাবি-দাওয়া তিনি নিজে শোনার পরও এমন ঘটনা কেন ঘটল- এখনো প্রায়শ তার মনে এই প্রশ্ন জাগে। "২৪ ফেব্রুয়ারি তাদের সঙ্গে আমার 'দরবার' ছিল। সাধারণত তাদের কথা বলতে দেওয়া হয় না। আমি বললাম, তাদের কথা শুনবো। আমি তাদের দাবি-দাওয়ার কথা শুনি। রেশনের দাবি আসল। তারা ৮০ শতাংশ চাইল। আমি বললাম শতভাগ কেন নয়," বলেন প্রধানমন্ত্রী। হাসিনা জানান যে তিনি নিজে ২৫ ফেব্রুয়ারি সকালে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদকে ফোন করেন এবং ত্বরিৎ পদক্ষেপ গ্রহণের জন্য তিন বাহিনীর প্রধানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। "এ জন্য তাদের দুই ঘণ্টা সময়ের প্রয়োজন ছিল এবং এর মধ্যেই আমরা আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে হতাহতের খবর পাচ্ছিলাম।" এ প্রসঙ্গে তিনি একটি উদাহরণ তুলে ধরেন: "এমনকি কেন্দ্রীয় কারাগারের ভেতরে পর্যন্ত দুইজন আহত হয়।" আলোচনায় বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী সংস্কারের পরামর্শ দেন ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর সম্পাদক মাহবুবুল আলম। বিদ্রোহ পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি সর্বদলীয় বৈঠক আয়োজনের পরামর্শ দেন ইংরেজি দৈনিক নিউজ টুডে'র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ। সাপ্তাহিক ছুটি পুনরায় একদিন এবং তা রোববার করার পরামর্শও দেন তিনি। সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনায় 'নিরপেক্ষ পেশাজীবীদের' নিয়োগের পরামর্শ দেন। তিনি বলেন, "দলকে অবশ্যই রাজনৈতিকভাবে সক্রিয়, শক্তিশালী ও সুসংগঠিত হতে হবে।" তবে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড মানে এই নয় যে দলীয় লোকদের সড়ক ও জনপথ বিভাগ, পিডব্লিউডি বা পানি উন্নয়ন বোর্ডে কাজ পাওয়ার জন্য ধর্ণা দেওয়া। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আগের সরকারের রেখে যাওয়া ক্ষয়িষ্ণু অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো পেয়েছে এবং সে অবস্থা থেকেই তাকে শুরু করতে হয়েছে। "আপনি যদি বিদ্যুৎ খাতের দিকে তাকান... আমরা ক্ষমতা ছেড়ে যাওয়ার সময় থেকে গত সাত বছরে কিছুই হয়নি। "বেড়েছে প্রসুতি মৃত্যুর হার, সেই সঙ্গে বেড়েছে নবজাতকের মৃত্যুর হার ও স্কুল থেকে ঝড়ে পড়ার হার," বলেন প্রধানমন্ত্রী। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ঢাকা ও তার চারপাশের নদ-নদী সম্পর্কে বক্তব্য রাখেন এবং এগুলো দূষণমুক্ত করার আহ্বান জানান। ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একুশে টেলিভিশনের আব্দুস সালাম বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেওয়া টিভি লাইসেন্সগুলো পর্যালোচনার দাবি জানান। এছাড়া আরো বক্তব্য রাখেন বাসস'র জগলুল আহমেদ চৌধুরী, রেডিও টুডে'র রফিকুল হক, ভোরের ডাকের বেলায়েত হোসেন, আমাদের সময়ের নাইমুল ইসলাম খান এবং আরটিভি'র মোর্শেদ আলম। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইউএনবি'র চিফ এডিটর এনায়েতুল্লাহ খান, যুগান্তরের সাইফুল আলম, চ্যানেল আই এর ফরিদুর রেজা সাগর, মানব জমিনের মতিউর রহমান চৌধুরী, এবিসি রেডিও'র সানাউল্লাহ লাভলু, দৈনিক ডেসটিনি'র রফিকুল আমিন, বাংলাদেশ টুডে'র মাহমুদ উর রহমান চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র তৌফিক ইমরোজ খালিদী আলোচনায় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, ডেপুটি প্রেস সচিব মাহবুবুল হক শাকিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআইকে/এজে/জিএনএ/এইচএ/২০২০ঘ.