২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে এরশাদের গাড়িবহরে হামলা-ভাঙচুর, আহত ৬

রংপুর থেকে কুড়িগ্রাম আসার পথে রোববার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের গাড়ি বহরে হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

কুড়িগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর থেকে কুড়িগ্রাম আসার পথে রোববার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের গাড়ি বহরে হামলা হয়েছে। হামলাকারীরা সাতটি গাড়ি ভাঙচুর করে। এতে গাড়িবহরে থাকা সাংসদ কাদেরসহ ছয়জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সকাল ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাঠালবাড়ী বাজার এলাকায় এরশাদের গাড়িবহরের একটি মাইক্রোবাস চাপায় এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে এ হামলায় চালায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউসে এক সাংবাদ সম্মেলনে এরশাদ দাবি করেন- আওয়ামী লীগের প্রার্থী জাফর আলীর পক্ষের লোকজন পরিকল্পতভাবে গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা না দেওয়া হলে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার হুমকি দেন তিনি। তিনি বলেন, "বিষয়টি মহাজোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়েছে। আমরা এখন তার জবাবের অপেক্ষা করছি।" অভিযোগ অস্বীকার করে কুড়িগ্রাম-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাঠালবাড়ীতে এরশাদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় একজন আহত হওয়াকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে তার নিজের কিংবা আওয়ামী লীগের কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।" কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাঠালবাড়ী বাজার এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুলাল (৩০) নামের এক যুবক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এরশাদের গাড়ি বহরের সাতটি গাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। দুলালকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪৯ ঘ.